রাজনীতিরাজ্য

শহরে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, মুখ্যমন্ত্রীর আশ্বাস—মৃতদের পরিবারে চাকরি ও আর্থিক সহায়তা

পুজোর ঠিক আগে মাত্র পাঁচ ঘণ্টার প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল গোটা কলকাতা। রাস্তাজুড়ে জমা জল, তার মধ্যেই প্রাণ হারান ১২ জন। অভিযোগ, জমা জলে পড়ে থাকা বিদ্যুতের তারই হয়ে উঠেছিল মৃত্যুফাঁদ। বুধবার দার্জিলিংয়ের প্রশাসনিক বৈঠক থেকে সেই মর্মান্তিক ঘটনার পরিবারগুলির পাশে দাঁড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানান, আগামী ১৭ অক্টোবর কলকাতার শেকসপিয়র সরণি সংলগ্ন একটি প্যান্ডেলে নিহতদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র ও আর্থিক সাহায্য। মুখ্যমন্ত্রীর কথায়, “কলকাতায় যে দুর্ঘটনা ঘটেছিল, তাতে ১২ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ১০ জন কলকাতার বাসিন্দা। প্রত্যেকের পরিবারকে রাজ্য সরকার সাহায্য করবে।”

প্রসঙ্গত, প্রতিপদের রাতের টানা বৃষ্টিতে শহরের যাদবপুর, পার্ক সার্কাস, তারাতলা, ভবানীপুর, একবালপুর—সব এলাকাই ডুবে গিয়েছিল জলে। সেই জলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মোমিনপুর, নেতাজিনগর, ঠাকুরপুকুর ও দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে মোট ১২ জনের। ঘটনার পরেই মুখ্যমন্ত্রী দায় চাপান সিইএসসি-র উপর। তিনি জানান, মৃতদের পরিবারপিছু রাজ্যের পক্ষ থেকে ২ লক্ষ টাকা আর্থিক অনুদান এবং সিইএসসি-র পক্ষ থেকে চাকরি বা ক্ষতিপূরণ দেওয়া উচিত।

তবে সিইএসসি পরে দায় অস্বীকার করলেও মুখ্যমন্ত্রী আশ্বাস দেন—চাকরি না দিলে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ হোমগার্ড পদে নিয়োগের ব্যবস্থা করা হবে।

অর্থাৎ, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু নিয়ে বিতর্ক চললেও রাজ্য সরকার মৃতদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে—এই বার্তা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.