পথকুকুরের হামলায় আক্রান্ত শিশুর মৃত্যু, ফের বাড়ল বিতর্ক
পথকুকুর নিয়ে দেশজুড়ে যখন চর্চা তুঙ্গে, ঠিক সেই সময় জলাতঙ্কে প্রাণ হারাল মাত্র চার বছরের এক শিশু। রবিবার রাতে বেঙ্গালুরুর একটি হাসপাতালে মৃত্যু হয় দেবাঙ্গিরি জেলার বাসিন্দা খাদিরা বানুর।
পরিবারের দাবি, এপ্রিলে বাড়ির বাইরে খেলার সময় একটি পথকুকুর হঠাৎ আক্রমণ করে খাদিরাকে। মুখে কামড় বসায় ওই কুকুরটি। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কয়েক মাস চিকিৎসা চলার পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছিল। কিন্তু হঠাৎ বমি শুরু হলে নতুন করে পরীক্ষা করা হয়। তখনই জানা যায়, জলাতঙ্কে আক্রান্ত হয়েছে খাদিরা। শেষ পর্যন্ত চিকিৎসকদের চেষ্টায়ও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
শিশুটির কাকা সাজিদের অভিযোগ, প্রায় ৯-১০ লক্ষ টাকা খরচ করেও কোনও লাভ হয়নি। তাঁর কথায়, ‘”আমরা মেয়েটিকে বাঁচানোর জন্য সব চেষ্টা করেছি। কিন্তু দেবাঙ্গিরিতে দিন দিন পথকুকুরের সংখ্যা বাড়ছে। অথচ প্রশাসন কোনও পদক্ষেপ করছে না। খাদিরার সঙ্গে যা ঘটেছে, আর কারও সঙ্গে যেন না ঘটে।”
গত কয়েক মাসে বেঙ্গালুরু ও কর্নাটকের বিভিন্ন জায়গায় একের পর এক পথকুকুরের হামলার ঘটনা ঘটেছে। অগস্টে দুই পড়ুয়া আক্রান্ত হয়েছিল, জুলাই মাসে এক বৃদ্ধের উপর ঝাঁপিয়ে পড়ে কুকুরের দল। গত বছরও কুকুরের কামড়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছিল। রাজ্য স্বাস্থ্য দফতরের হিসেব বলছে, চলতি বছরে ৩১ জুলাই পর্যন্ত কর্নাটকে পথকুকুরের কামড়ের ঘটনা ঘটেছে প্রায় ২ লক্ষ ৮১ হাজার। মৃত্যু হয়েছে ২৬ জনের। এর মধ্যে সর্বাধিক আক্রান্তের ঘটনা বিজয়পুরা, বেঙ্গালুরু, হাসন, দক্ষিণ কন্নড় ও বাগালকোট জেলায়।
ঠিক এমনই প্রেক্ষাপটে দিল্লিকে পথকুকুরমুক্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজধানীর প্রতিটি এলাকায় পথকুকুর সরিয়ে আশ্রয়কেন্দ্রে রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কোনও সংগঠন বাধা দিলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দিয়েছে আদালত। তবে এই সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সমাজের বিশিষ্টজন থেকে শুরু করে পশুপ্রেমী সংগঠন সবাই নানা মত প্রকাশ করেছেন। বৃহস্পতিবার মামলার শুনানি হলেও রায়দান আপাতত স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট।







