বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপাল ফেটে রক্তপাত ঘটে। নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ। মাথায় চারটে সেলাই পড়ে। রাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার প্রেক্ষিতে এবার মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করার পাশাপাশি ঘটনার তদন্তও দাবি করেন দিলীপ ঘোষ।
বিশেষভাবে উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে কালীঘাটের বাড়িতে সকাল থেকে পুলিশি তৎপরতা। অনেকে আবার আহত মুখ্যমন্ত্রীকে দেখতে যাচ্ছেন। তিনি বাড়িতেই রয়েছেন। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপের উবাচ, ‘অনেক ব্যাপার আছে। ওঁনার দ্রুত সুস্থতা কামনা করি। বহু লোক বহু প্রশ্ন করছেন। ঘরের মধ্যে উনি কীভাবে চোট পেলেন তা তদন্ত করে দেখা উচিত। উনি এই রাজ্যের এক নম্বর ব্যক্তি।’







