মহাবিপদে পড়লেন ভারতের ‘ব্লকবাস্টার’ পরিচালক এস এস রাজমৌলি! বৃহস্পতিবার সাত সকালে জাপানে ভূমিকম্পের কবলে পরলেন তিনি। জাপান এমনিতেই ভূমিকম্পেপ্রবণ এলাকা। কিন্তু এইরূপ ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন তিনি এর আগে কখনও হননি সেকথা জানালেন ছেলে কার্তিকেয়। তাঁর কথায়,“জাপানে এসে রোমহর্ষক অভিজ্ঞতা!”
সেদিন আচমকাই কেপে ওঠে জাপানের মাটি। তখন রাজামৌলি এবং তার ছেলে হোটেলের ২৮ তলায় আটকে। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ৫.৩, যা ভারতীয়দের জন্য যথেষ্ট আতঙ্কের। আর স্বাভাবিকভাবেই তখন আতঙ্কিত হতে পড়েন পরিচালক এবং তাঁর ছেলে। ভূমিকম্পের সেই ভয়ংকর পরিস্থিতির কথাই এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন রাজমৌলীপুত্র।
কার্তিকেয় তাঁর স্মার্টওয়াচ থেকে জাপান আবহাওয়া দপ্তরের আসা সতর্কবাণীর ছবি পোস্ট করে লিখেছেন, “এইমাত্র জাপানে ভয়ংকর ভূমিকম্পের শিকার হলাম। আমরা তখন ২৮ তলায়। বুঝতে পারলাম, ধীরে ধীরে চারদিকের সবকিছু কাঁপছে। আমাদের কিছুক্ষণ লাগল বুঝতে যে, এটা ভূমিকম্প হচ্ছে। আমি তো আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কিন্তু চারদিকে সব জাপানের বাসিন্দাদের দেখলাম, ওঁদের মধ্যে ভয়ের লেশমাত্র নেই! যেন বাইরে বৃষ্টি পড়া শুরু করেছে, এমন একটা ভাব ওঁদের। আগে কখনও এমন ভূমিকম্পের অভিজ্ঞতার শিকার হইনি।” জাপান সফরে শুধু এসএস রাজামৌলি এবং কার্তিকেয় নয় সঙ্গে রয়েছেন প্রযোজক শবু ইয়ারলাগাদ্দাও। সম্ভবত কোনও সিনেমার রেইকি করতে গিয়েছেন তিনজনে একসঙ্গে। আর দূরদেশে কাজে গিয়ে এমন অভিজ্ঞতার শিকার হলেন তারা।







