ভারতীয় ফুটবল এখনও আন্তর্জাতিক মানচিত্রে পা রাখার লড়াই চালাচ্ছে। ফিফার ক্রমতালিকায় ১২৭ নম্বরে অবস্থান করা দেশ এবার সেই দুর্দশার রাশ টানতে চাইছে মেগা টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে। ২০৩১ সালের এএফসি এশিয়ান কাপ আয়োজনে দরপত্র জমা দিয়ে বড় পদক্ষেপ নিল ভারত। এই উদ্যোগ শুধু ক্রীড়াক্ষেত্রেই নয়, দেশের ফুটবল সংস্কৃতি ও পরিকাঠামোতেও নতুন উদ্দীপনা আনতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) গত শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারত সহ মোট ৯টি দেশ এই প্রতিযোগিতা আয়োজন করতে চায়। সৌদি আরব বিড প্রত্যাহার করে নেওয়ায় ভারতের সম্ভাবনা কিছুটা হলেও বেড়েছে। বিড জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল গত বছরের ২৭ নভেম্বর এবং শেষ হয় ৩১ মার্চ। এই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, কোরিয়া, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান (যুগ্ম বিড)।
এএফসি সভাপতি শেখ সলমন বিন ইব্রাহিম আল খলিফা জানিয়েছেন, এবার রেকর্ড সংখ্যক দেশ বিড করেছে, যা এশিয়ান কাপের প্রতি আগ্রহ ও মর্যাদা প্রমাণ করে। তিনি সদস্য দেশগুলির আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, এই টুর্নামেন্ট এশিয়ার অন্যতম সেরা, এবং সদস্যদের উৎসাহই কনফেডারেশনের প্রেরণা।
২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছিল ভারত। সেই অভিজ্ঞতা এবার ভারতের বড় অ্যাডভান্টেজ হতে পারে। দেশের ফুটবলে বিনিয়োগ, পরিকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি আনতে এশিয়ান কাপের মতো মেগা টুর্নামেন্ট আয়োজন সত্যিই মোড় ঘোরাতে পারে ভারতের ফুটবলের ভবিষ্যতের জন্য।







