অফবিট

পকোড়া-কাবাব ভুলে যান! পুজোর আড্ডায় চমক দেবে চিকেনের এই ৩ ফিউশন স্ন্যাক্স

পুজো মানেই রাত জেগে আড্ডা, মণ্ডপে মণ্ডপে ঘোরা আর মাঝেমধ্যেই জমিয়ে খাওয়াদাওয়া। চা বা কফির সঙ্গে মুখরোচক কিছু না থাকলে যেন আড্ডাটাই অসম্পূর্ণ। তাই এ বার চেনা চিকেন পকোড়া কিংবা কাবাবের বদলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন রেস্তরাঁর ধাঁচের তিনটি ফিউশন স্ন্যাক্স।

১. চিকেন ডিনামাইট রোল

মুচমুচে রোলের ভিতরে ঝালঝালে চিকেনের পুর—পুজোর সন্ধ্যার জন্য দারুণ একটি পদ। ২০০ গ্রাম চিকেন কিমায় নুন ও লেবুর রস মাখিয়ে রাখুন। এরপর মেয়োনিজ, টম্যাটো কেচাপ, চিলি সস, মধু ও লেবুর রস দিয়ে ডিনামাইট সস তৈরি করুন।

প্যানে তেল দিয়ে রসুনকুচি ভেজে তাতে চিকেন কিমা দিন। সয়া সস, গোলমরিচ, নুন ও স্প্রিং অনিয়ন দিয়ে ভাল করে রান্না করে পুর তৈরি করুন। ময়দা ও কর্নফ্লাওয়ারের মণ্ড পাতলা করে বেলে তার মধ্যে পুর ভরে রোল তৈরি করুন। ডুবো তেলে ভেজে উপর থেকে ডিনামাইট সস ছড়িয়ে পরিবেশন করুন।

২. ক্রিসপি চিকেন স্ট্রিপস

চিকেনের এই মুচমুচে পদটি ছোট-বড় সকলেরই পছন্দ হতে পারে। হাড়ছাড়া চিকেন পাতলা করে কেটে নুন, লেবুর রস, গোলমরিচ ও রসুনবাটা মাখিয়ে অন্তত এক ঘণ্টা রেখে দিন।

এরপর চিকেনের টুকরোগুলি ময়দায় মাখিয়ে ডিমের গোলায় ডুবিয়ে কর্নফ্লেক্সের গুঁড়ো দিয়ে কোট করুন। গরম তেলে ভেজে সোনালি ও মুচমুচে করে তুলুন। মেয়োনিজ কিংবা পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করলেই তৈরি জমজমাট স্ন্যাক্স।

৩. কোরিয়ান হানি বাটার চিকেন বাইট

ঝাল-মিষ্টি স্বাদের এই পদটি পুজোর আড্ডায় আনতে পারে একেবারে অন্যরকম স্বাদ। ২৫০ গ্রাম হাড়ছাড়া চিকেন ছোট টুকরো করে তাতে নুন, লেবুর রস, রসুনের রস ও সয়া সস মাখিয়ে রাখুন।

কর্নফ্লাওয়ারে চিকেন কোট করে তেলে ভেজে নিন। এবার অন্য প্যানে মাখন গরম করে রসুনকুচি ভাজুন। তাতে মধু, সামান্য সয়া সস ও জল দিয়ে সস তৈরি করে ভাজা চিকেন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। শেষে উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিলেই তৈরি কোরিয়ান হানি বাটার চিকেন বাইট।

পুজোর আড্ডায় এ বার পকোড়া-কাবাবের বদলে এই তিন পদ দিয়েই চমকে দিন বাড়ির লোক থেকে বন্ধুবান্ধব—স্বাদে যেমন নতুনত্ব থাকবে, তেমনই জমবে আড্ডাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.