ফের গণছাঁটাইয়ের পথে মার্কিন ই-কমার্স সংস্থা অ্যামাজ়ন। বুধবার ভোরে ইমেল ও টেক্সট মেসেজ পাঠিয়ে ২৫০ কর্মীকে ছাঁটাইয়ের কথা জানাল সংস্থাটি। ছাঁটাই হওয়া কর্মীরা সকলেই অ্যামাজ়নের ‘ডিভাইস অ্যান্ড সার্ভিসেস’ বিভাগে কর্মরত ছিলেন। সংস্থার দাবি, সাংগঠনিক কাঠামো পর্যালোচনা করে কাজের দক্ষতা বাড়ানো এবং কার্যক্রম আরও কার্যকর করতেই এই সিদ্ধান্ত।
অ্যামাজ়নের এক মুখপাত্র ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সংস্থা কিছু পদ তুলে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছাঁটাই হওয়া কর্মীদের অধিকাংশই সফ্টওয়্যার ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। বিভাগের মানবসম্পদ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট শেরি রবিনসন কর্মীদের পাঠানো বার্তায় সাংগঠনিক পর্যালোচনার কথা উল্লেখ করেছেন।
উল্লেখযোগ্য ভাবে, চলতি মাসের শুরুতেই অ্যামাজ়নের মূল খুচরো বিক্রয় বিভাগ থেকে প্রায় ১,০০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। মাসের শেষেও আরও ২৫০ জনের চাকরি যাওয়ায় সংস্থার কর্মী সংকোচন নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। অথচ একই দিনে আলেক্সা-চালিত নতুন অ্যালার্ম ঘড়ি ও ফটো ফ্রেম বাজারে আনার ঘোষণা করেছে সংস্থাটি।
অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বাড়ানো এবং খরচ কমানোর লক্ষ্যে মাইক্রোসফ্টও স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে নির্দিষ্ট কিছু কর্মীকে। সব মিলিয়ে, প্রযুক্তি ক্ষেত্রে ব্যয় সংকোচন ও কর্মী পুনর্গঠনের প্রবণতা ক্রমশ স্পষ্ট হচ্ছে।







