সামনেই লোকসভা নির্বাচন, তার আগেই নির্বাচন কমিশনের তৎপরতায় আটোসাটা হচ্ছে নিরাপত্তা। তবে এই ভোটের আবহাওয়ায় উঠে এলো হিংসার ঘটনা। কোচবিহার হলো ভোটের ময়দানে অন্যতম হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র। এবার সেখানেই ঘটে গেল মর্মান্তিক হিংসার ঘটনা। রাতের বেলা এক ব্যবসায়ী যুবক প্রাণ হারালো ধারালো অস্ত্রের আঘাতে। ঘটনায় আতঙ্কের পরিবেশ ছড়িয়েছে তুফানগঞ্জ ১ ব্লকের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মারুগঞ্জ বাজার এলাকায়।
গতকাল মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী কোচবিহার লোকসভা কেন্দ্রে জনসভার মাধ্যমে ভোট প্রচার সারেন। তারপরেই ঘটে গেল এই নৃশংস ঘটনা। এই দুই রাজনৈতিক দলের মেগা জনসভার পর এই ঘটনা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। নিহত যুবকের নাম সজল সাহা। অন্যান্য দিনের মতোই এদিনও ওই ৩৫ বছরের ব্যবসায়ী রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। সেই সময় আচমকা ওই অভিযুক্ত ধারালো অস্ত্রের সাহায্যে এলোপাথাড়ি আঘাত করে ব্যবসায়ীকে। ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা।
খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। তৎক্ষণাৎ ব্যবসায়ীকে উদ্ধার করে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর থেকে আপাতত বন্ধ সমস্ত দোকান। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। পাশাপাশি পুলিশ খতিয়ে দেখছে ঘটনার নেপথ্য ব্যবসায়ী শত্রুতা আছে কিনা। এমনকি পুলিশ জানার চেষ্টা করছে এই ঘটনার পেছনে রাজনৈতিক কোনো যোগ আছে কিনা। পাশাপাশি লোকসভা নির্বাচনের প্রাক্কালে এরকম ধরনের ঘটনা প্রশ্ন প্রশাসনিক নিরাপত্তা নিয়ে।







