সন্দেশখালির পর এবার ভূপতিনগর। ফের আক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ভূপতিনগর বোমা বিস্ফোরণ মামলার তদন্তে গেলে আক্রান্ত হতে হয় এনআইএকে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনার তদন্তে তৃণমূল নেতাকে আটক করতে গিয়েছিলেন আধিকারিকরা। এবার এই ঘটনার তীব্র নিন্দায় সামিল হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানাও করেন তিনি।
শুভেন্দুর দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার উস্কানির জেরেই তৃণমূল নেতারা এনআইএ-র উপর হামলার সাহস পেয়েছে। সম্প্রতি মাথাভাঙার রাজনৈতিক সভায় এনআইএ-র বিরুদ্ধে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাতে থাকলেও রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। ওসি, এসডিপিও, এসপি ও ডিজিপি-র বিরুদ্ধে পদক্ষেপের এটিই সঠিক সময়।’
উল্লেখ্য, বাইশ সালে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বিস্ফোরণ হয়। যার জেরে মৃত্যু হয় ৩ জনের। উক্ত ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় আদালত। অন্যদিকে, শনিবার সকালে ২ জনকে গ্রেফতার করে এনআইএ। তদন্তে গিয়ে হামলার মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। দু’জন এনআইএ আধিকারিক আহত হয়েছেন বলেও দাবি।







