মর্নিংওয়াকে বেরিয়ে বিরোধীদল প্রার্থী কীর্তি আজাদের উদ্দেশ্যে হুংকার দেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। অবশ্য প্রথম দিন থেকেই হুংকার দিয়ে আসছেন দিলীপ। এমনকি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পরে থেকেই উত্তেজনা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের কীর্তি।
বৃহস্পতিবার সকালে রায়ান স্কুলের মাঠে প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ। তালিতের বাঘার এলাকায় তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে বলতে গিয়েও দিলীপ বলেন, ‘আমাদের কর্মীরা তালিতের বাঘার গ্রামে বৈঠক করতে গিয়েছিল। ওখানে পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে কিছু দুষ্কৃতী আমাদের তিন কর্মীকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। আমরা পুলিশ, প্রশাসনকে বলেছি কিন্তু, যদি ওরা হিংসার মাধ্যমে রাজনীতি করতে চায় ভারতীয় জনতা পার্টি তার জন্য পুরো প্রস্তুত রয়েছে। দিলীপ ঘোষের অভিজ্ঞতা আছে। জানা আছে কাকে কী ভাবে শায়েস্তা করতে হয়।’







