কলকাতা: পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসে রাজনৈতিক বার্তাও স্পষ্ট করে দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। স্ত্রী ডিম্পল যাদবকে সঙ্গে নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং বিজেপিকে আক্রমণ শানান তিনি। অখিলেশের কণ্ঠে বারবার উঠে আসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তাঁর স্পষ্ট দাবি, “দিদি ইডি-কে হারিয়েছেন। এবার বিজেপিকেও হারাবেন।”
আইপ্যাককাণ্ড প্রসঙ্গে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েননি এসপি-প্রধান। কটাক্ষ করে বলেন, “বিজেপি এখনও পেনড্রাইভের যন্ত্রণা ভুলতে পারেনি।” উল্লেখ্য, গত ৮ জানুয়ারি আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দফতরে ইডির তল্লাশির সময় ঘটনাস্থলে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। তল্লাশি শেষে কিছু নথি ও একটি পেনড্রাইভ নিয়ে বেরোতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তৃণমূলের অভিযোগ, দলের গুরুত্বপূর্ণ ভোটসংক্রান্ত তথ্য বাজেয়াপ্ত করার চেষ্টা করেছিল ইডি, যার নেপথ্যে ছিল বিজেপি।
এই প্রসঙ্গ টেনেই অখিলেশের দাবি, ইডি-কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি। তাঁর মতে, “পশ্চিমবঙ্গ থেকে একসময় সারা বিশ্বে প্রেম আর মানবতার বার্তা গিয়েছিল। এই রাজ্যে হিংসার রাজনীতি টিকবে না।” আত্মবিশ্বাসী এসপি-প্রধানের ভবিষ্যদ্বাণী, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে পরাস্ত হবে বিজেপি, আবার ক্ষমতায় ফিরবে তৃণমূল।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়েও নির্বাচন কমিশনকে তোপ দাগেন অখিলেশ। তাঁর অভিযোগ, “এসআইআর ভোট বাড়ানোর জন্য নয়, ভোট কাটার ষড়যন্ত্র।” কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। তাদের কাজ নিরপেক্ষ থাকা। কিন্তু সর্বত্রই ভোট কাটার রাজনীতি চলছে, পশ্চিমবঙ্গও বাদ যাচ্ছে না। দিদি এই ষড়যন্ত্র পরাস্ত করবেন।”
রাজনৈতিক মহলে জোর আলোচনা, মঙ্গলবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন অখিলেশ যাদব। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।






