দেখতে দেখতে পবিত্র রমজান মাস এখন বিদায়ের পথে। বিশ্বের সকল মুসলিমরা এখন প্রস্তুতি নিচ্ছেন পবিত্র ঈদুল ফিতরের। তবে জ্যোতির্বিদরা চুলচেরা বিশ্লেষণ করেছেন ঈদের দিনক্ষণ নিয়ে।
ইসলাম ধর্মের প্রাণকেন্দ্র হলো সৌদি আরব। সেখানে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ঈদ হবে কিনা তা নিয়ে জানতে আজ সোমবার স্থানীয় বাসিন্দাদের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছে দেশের সুপ্রিম কোর্ট।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদদের গণনা বলছে, আগামী বুধবার তথা ১০ এপ্রিল সৌদি আরবসহ তার পার্শ্ববর্তী দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
প্রতিটি মাসই চন্দ্রবর্ষ হিসেবে ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। সেক্ষেত্রে চাঁদ দেখার ওপর নির্ভর করছে এ বছর রোজা কটি হবে। সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ সোমবার (৮ এপ্রিল) ২৯টি রোজা হবে। সেক্ষেত্রে যদি আজ চাঁদ দেখা না যায় তাহলে এ বছর ৩০টি রোজা পূর্ণ হবে। আর আগামী বুধবার ঈদুল ফিতর হবে।
সৌদি আরবে গত ১০ মার্চ ১৪৪৫ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যায়। রোজা শুরু হয় ১১ মার্চ থেকে। গত বছর ২৯ দিনের সৌদিসহ মধ্যপ্রাচ্যে রমজান মাস ছিল।



