মঙ্গলবার পালিত হল শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৯ তম জন্মতিথি হুগলি জেলার কামারপুকুরে। এদিন সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে জন্মতিথি উৎসব পালন হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের উৎসবে সামিল মঠের মহারাজ, স্কুলের ছাত্রছাত্রীরা, এলাকার বাসিন্দারা-সহ বহু দূর -দূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও । ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথিতে মঠ থেকে শুরু করে গোটা এলাকা সেজে উঠেছে। মঠে হাজার হাজার মানুষের প্রসাদের আয়োজন করা হয়েছে।একদিকে মঠ চত্বরে জন্মতিথি উৎসব অন্যদিকে জাতি-ধর্ম ভুলে দর্শনার্থীরা আনন্দ উৎসবেসামিল হয়েছে।
বেশ কয়েক হাজার ভক্তকে প্রসাদ খাওয়ানো হবে। সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে কামারপুকুর মঠে।
দেশ জুড়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রামকৃষ্ণ মিশনে তাঁর জন্মোৎসব উদযাপিত হচ্ছে। আজ বেলুড় মঠেও ভোর থেকে তাঁর জন্মোৎসবের পুজো শুরু হয়েছে। সেখানে আজ দিনভর নানা উৎসব-অনুষ্ঠান। সকাল থেকেই ভক্ত সমাগম বেলুড়ে। ভোর সাড়ে চারটের সময় মঙ্গলারতির মধ্যে দিয়ে পূজার সূচনা হয়। পরে ঊষাকীর্তন, বৈদিক পাঠ। এরপর বিশেষ পুজো ও হোম। সঙ্গে দিনভর চলবে নানা অনুষ্ঠান– ভজন-কীর্তন, প্রসাদ বিতরণ, ধর্মসভা। আজকের এই বিশেষ দিনে বেলুড় মঠে বরাবরের মতোই প্রচুর ভক্তের সমাগম হয়েছে।







