দিল্লির রাজনীতিতে নতুন বিতর্কের সূচনা করলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মা এজলাস বয়কট করার সিদ্ধান্ত জানিয়ে তিনি কার্যত নজিরবিহীন পদক্ষেপ নিলেন। কেজরিওয়ালের স্পষ্ট বার্তা, তিনি বা তাঁর আইনজীবীরা আর ওই আদালতে সওয়াল করবেন না।
ঘটনার সূত্রপাত সিবিআইয়ের আবগারি দুর্নীতি মামলাকে ঘিরে। ওই মামলার শুনানি অন্য বিচারপতির এজলাসে স্থানান্তরের আবেদন করেছিলেন কেজরিওয়াল। তাঁর অভিযোগ ছিল, বিচারপতি শর্মার নিরপেক্ষতা নিয়ে সংশয় রয়েছে। বিশেষ করে বিচারপতির দুই সন্তানের কেন্দ্রের আইনজীবী প্যানেলের সঙ্গে যুক্ত থাকা এবং কিছু রাজনৈতিক অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তবে এই আবেদন খারিজ করে দেন বিচারপতি শর্মা। এরপরই অবস্থান আরও কড়া করেন কেজরিওয়াল। বিচারপতিকে সরাসরি চিঠি লিখে তিনি জানান, তাঁর আস্থা নেই এই এজলাসে এবং নিরপেক্ষ বিচারের প্রত্যাশাও করছেন না। এমনকি এই সিদ্ধান্তের জেরে যদি কোনও আইনি শাস্তির মুখোমুখি হতে হয়, তাতেও তিনি প্রস্তুত বলে উল্লেখ করেছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, এটি বিচারব্যবস্থার উপর চাপ সৃষ্টি করার কৌশল। অন্যদিকে, আম আদমি পার্টির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ আদালত ও রাজনীতির সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। গণতান্ত্রিক কাঠামোয় বিচারব্যবস্থার স্বাধীনতা কতটা সুরক্ষিত এবং রাজনৈতিক নেতাদের ভূমিকা কী হওয়া উচিত, তা নিয়েই এখন জোর আলোচনা চলছে।






