রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণকাণ্ডে দুই মূলচক্রী কলকাতা সংলগ্ন কাঁথি এলাকায় লুকিয়ে ছিল। এনআইএ আজ তাদের গ্রেফতার করে। এবার সেই ইস্যুতে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, নিশানা করলেন রাজ্য সরকারকে।
শুভেন্দুর উবাচ, ‘কাঁথি আমার হোম টাউন। পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধীদের মুক্তাঞ্চল এটা আগেও প্রমাণিত। পাঞ্জাব পুলিস চপারে করে এখানে এসে পাঞ্জাবের দুষ্কৃতি এনকাউন্টার করেছে। মুজিবর রহমানের দুজন দণ্ডাদেশ প্রাপ্ত খুনি। একজন হাওড়ায় হোমিওপ্যাথ ডাক্তার হিসেবে ছিল। পরে পার্ক সার্কাস থেকে মাজেদকেও ধরা হয়। পার্কসার্কাস মানে শহরের প্রাণকেন্দ্র। এটা স্বাভাবিক যে, গোটা দেশে যত বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তাদের সেফ জোন এইটা। সিপিএম করত। এখন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন।’
পালটা সরব হয়েছে তৃণমূলও। তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষের দাবি, ‘গ্রেপ্তার হয়েছে কাঁথি থেকে। সবাই জানে সেখানে কোন পরিবার দুষ্কৃতীদের আনে, আশ্রয় দেয়। এসবে তাদের ভূমিকার তদন্ত হোক।’
নিজস্ব এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, ‘কোথা থেকে ধরেছে? কাঁথি। সবাই জানে সেখানে কোন পরিবার দুষ্কৃতীদের আনে, আশ্রয় দেয়। এসবে তাদের ভূমিকার তদন্ত হোক।’ রাজ্য পুলিসের হয়েও সোচ্চার হন তিনি। মুখপাত্রের কথায়, ‘এনআইএ-কেও মানতে হল রাজ্য পুলিসের সক্রিয় সহযোগিতার কথা। বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত বলে যে গ্রেপ্তার তারা করেছে, তাতে তাদের প্রেস রিলিজেও রাজ্য পুলিসের সহযোগিতার উল্লেখ। বাংলার পুলিস দেশবিরোধী অশুভ শক্তিকে দমন করতে অবিচল এবং অন্য এজেন্সিকে সহযোগিতা করতেও প্রস্তুত, আবার প্রমাণিত।’







