রাজ্যশিক্ষা

আজ থেকেই শুরু মাধ্যমিক, পরীক্ষার্থীদের জন্য হেল্পলাইন চালু করল কলকাতা পুলিশ

নিজস্ব প্রতিবেদন: সোমবার, ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো নিশ্চিত করতে একাধিক বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)।

পরীক্ষার দিনগুলিতে কোনও পরীক্ষার্থী যদি পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে গিয়ে সমস্যায় পড়ে, তবে সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বরে ৯৪৩২ ৬১ ০০৩৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে। ফোন পেলেই পুলিশ দ্রুত সাহায্যের জন্য পৌঁছে যাবে বলে জানানো হয়েছে।

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার্থী যদি পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেখেন অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছেন, সেক্ষেত্রেও আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। শুধু হেল্পলাইনে ফোন করলেই প্রয়োজনীয় সহায়তা করবে পুলিশ। পাশাপাশি, পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় প্রস্তুত থাকবে অ্যাম্বুলেন্স।

এছাড়াও মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে রাজ্য সরকারের উদ্যোগে ১৫টি রুটে অন্তত ২০টি অতিরিক্ত বাস চালানো হবে। পরীক্ষার্থী ও অভিভাবকদের নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি থেকে বেরোনোর অনুরোধ জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, পরীক্ষার্থীদের সহায়তার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন-এর তরফেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই কন্ট্রোল রুম পরিষেবা দেবে।

মাধ্যমিক বোর্ডের সেন্ট্রাল কন্ট্রোল রুম নম্বর
📞 ০৩৩-২৩২১৩৮১৩
📞 ০৩৩-২৩৩৭২২৮২
📞 ০৩৩-২৩৫৯২২৭৭

রিজিওনাল অফিস কন্ট্রোল রুম নম্বর
বর্ধমান: ০৩৪২-২৬৬২৩৭৭

মেদিনীপুর: ০৩২২২-২৭৫৫২৪

কলকাতা: ০৩৩-২৩২১৩৮১১

উত্তরবঙ্গ: ০৩৫৩-২৯৯৯৬৭৭

খুব জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য অতিরিক্ত নম্বরও জানিয়েছে পর্ষদ—

প্রেসিডেন্ট ইউনিট: ০৩৩-২৩২১-৩০৮৯

সেক্রেটারি ইউনিট: ০৩৩-২৩২১-৩৮১৬

অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (কনফিডেনশিয়াল): ০৩৩-২৩২১-৩২১৬

চলতি বছরে রাজ্যজুড়ে মোট ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসছে। এর মধ্যে ছাত্র ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ জন, ছাত্রী ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন এবং একজন ট্রান্সজেন্ডার পরীক্ষার্থী রয়েছেন। রাজ্যজুড়ে মোট ২৬৮২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৯৪৫টি প্রধান পরীক্ষাকেন্দ্র।

মাধ্যমিক পরীক্ষা চলবে ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ২টোয়। সকালবেলার যানজটের কথা মাথায় রেখে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি চালাবে পুলিশ।

পরীক্ষার্থীদের সুবিধা ও নিরাপত্তাই এবার প্রশাসনের মূল লক্ষ্য—এমনটাই জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.