চারটি মেট্রো স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে। খিদিরপুর, জয়হিন্দ, ভিআইপি রোড/তেঘরিয়া এবং হাওড়া ময়দান, এসপ্ল্যানেড, শিয়ালদহ বা মহাকরণ—এই চারটি স্টেশনের জন্য আলাদা প্রস্তাব এসেছে বিভিন্ন মহল থেকে।
খিদিরপুর স্টেশনের নাম ‘সেন্ট থমাস স্কুল খিদিরপুর’ রাখার প্রস্তাব দিয়েছে সেন্ট থমাস স্কুল কর্তৃপক্ষ। নিউ গড়িয়া-বিমানবন্দর রুটের ভিআইপি রোড/তেঘরিয়া স্টেশনের নাম ‘হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর’ করার দাবিতে চিঠি দিয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এবং ঠাকুরবাড়ির প্রতিনিধিরা।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান, এসপ্ল্যানেড, শিয়ালদহ বা মহাকরণ—এই চারটির মধ্যে যেকোনও একটির নাম ‘কিশোর কুমার’ করার দাবি জানিয়েছে কিশোর কুমার ফ্যান ক্লাব, ডানলপ। অন্যদিকে, জয়হিন্দ স্টেশনের নাম ‘জয়হিন্দ বিমানবন্দর’ রাখার প্রস্তাব দিয়েছেন মেট্রোর চিফ অপারেশন ম্যানেজার। কারণ, এই স্টেশনটি দুটি মেট্রো লাইনের সংযোগস্থল এবং এটি এশিয়ার বৃহত্তম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন। যাত্রীদের লাগেজ টানার সুবিধাও থাকছে।
এই প্রস্তাবগুলি আপাতত পরিবহণ দপ্তরের বিবেচনায় রয়েছে। এরপর তা যাবে অর্থদপ্তরে। রাজ্যের সম্মতির পর রেলমন্ত্রক নেবে চূড়ান্ত সিদ্ধান্ত।
এই পরিবর্তনের লক্ষ্য, যাত্রীসুবিধা বাড়ানো এবং স্থানীয় সংস্কৃতি ও কৃতীদের সম্মান জানানো।







