রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। পোস্টে তিনি লিখেছেন, ‘তৃণমূল ভোটে হারায় ভালোই হয়েছে’। এই মন্তব্য সামনে আসতেই প্রশ্ন উঠেছে, তবে কি দলের প্রতি নিজের অবস্থান বদলাচ্ছেন কুণাল? যদিও পোস্টের পরবর্তী অংশেই তিনি সেই জল্পনার স্পষ্ট জবাব দিয়েছেন।
কুণাল ঘোষ জানিয়েছেন, ৪ মে তৃণমূল সরকারের পরাজয়ে তাঁর খারাপ লেগেছিল এবং নিজের দলের হার কোনওদিনই আনন্দের হতে পারে না। তবে বর্তমানে তাঁর মনে হচ্ছে, এই পরাজয় দলের ভিতরে থাকা ‘বিশ্বাসঘাতক’ ও ‘সুবিধাবাদী’দের চিহ্নিত করতে সাহায্য করেছে। তাঁর দাবি, তৃণমূল জিতলে এই নেতারাই আবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নিজেদের স্বার্থসিদ্ধি করতেন।
পোস্টে কুণাল আরও অভিযোগ করেন, ক্ষমতায় থাকলে দলের ভিতরে কিছু দুর্নীতিগ্রস্ত ও অপরাধমূলক মানসিকতার ব্যক্তি আরও বেপরোয়া হয়ে উঠতেন। পাশাপাশি কিছু অরাজনৈতিক সেলিব্রিটি, প্রশাসনের একাংশ এবং সুবিধাবাদী মহল দলকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করত বলেও তাঁর দাবি।
তবে এত কিছুর পরেও দলের প্রতি নিজের আনুগত্য নিয়ে কোনও সংশয় রাখেননি কুণাল ঘোষ। তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস আগামী দিনের লড়াই চালিয়ে যাবে। তাঁর মতে, এই কঠিন সময়ই দলকে আরও শক্তিশালী করবে এবং প্রকৃত কর্মী-সমর্থকদের সামনে নিয়ে আসবে।
কুণাল ঘোষের এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। একদিকে দলের আত্মসমালোচনার বার্তা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি অটুট আস্থা—দুইয়ের মিশেলেই তাঁর এই বার্তা নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।







