অ্যাপ ক্যাবে অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগের মধ্যেই বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী দুই বছরের মধ্যে কলকাতাসহ দেশের ৫০০-রও বেশি শহরে চালু হতে চলেছে নতুন সমবায়ভিত্তিক অ্যাপ ক্যাব পরিষেবা ‘ভারত ট্যাক্সি’ (Bharat Taxi)। শনিবার গুজরাটের ১৪টি শহরে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা হয়। সেই অনুষ্ঠানে অমিত শাহ জানান, পর্যায়ক্রমে কলকাতা, মুম্বই, পুণে, লখনউ, চণ্ডীগড় ও জয়পুরসহ একাধিক শহরে এই পরিষেবা পৌঁছে যাবে।
ভারত ট্যাক্সির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এটি দেশের প্রথম সমবায় পরিচালিত অ্যাপ ক্যাব প্ল্যাটফর্ম, যেখানে চালকরাই প্রকৃত মালিক। এই পরিষেবা সম্পূর্ণ জিরো কমিশন মডেল-এ পরিচালিত হবে। অর্থাৎ যাত্রী যে ভাড়া দেবেন, তার পুরো অর্থই চালকের আয় হিসেবে থাকবে। কোনও বেসরকারি অ্যাগ্রিগেটর সংস্থাকে কমিশন দিতে হবে না। ফলে যাত্রীদেরও তুলনামূলক কম ভাড়ায় যাতায়াতের সুযোগ মিলবে বলে আশা করা হচ্ছে।
শুধু ক্যাব নয়, এই প্ল্যাটফর্মে অটো-রিকশা ও বাইক ট্যাক্সি পরিষেবাও পাওয়া যাবে। অমিত শাহ জানান, ভারত ট্যাক্সির সঙ্গে যুক্ত চালকেরা শুধু চালক নন, তাঁরা এই উদ্যোগের সহ-মালিকও। মাত্র ১০০ টাকা দিয়ে শেয়ার কিনে ইতিমধ্যেই দেশের সাত লক্ষেরও বেশি চালক এই সমবায়ের অংশীদার হয়েছেন।
সরকারের দাবি, এই উদ্যোগ একদিকে যেমন যাত্রীদের কম খরচে নিরাপদ যাতায়াতের সুযোগ করে দেবে, অন্যদিকে চালকদের আয় বৃদ্ধি ও আর্থিক স্বনির্ভরতার নতুন দিগন্তও খুলে দেবে।







