দেশ

ওড়িশার কলেজে আগুন কাণ্ড: সহপাঠীর মুখে উঠে এল ‘অগ্নিপরীক্ষার’ ভয়ঙ্কর গল্প!

ওড়িশার এক কলেজে আত্মাহুতি দেওয়া ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রকাশ্যে এলো নতুন অভিযোগ। জানা গেছে, মৃত্যুর মাসখানেক আগেই নির্যাতিতা এক ঘনিষ্ঠ বন্ধুকে জানিয়েছিলেন, কীভাবে তাঁর বিভাগীয় প্রধান দিনের পর দিন তাঁকে মানসিকভাবে হেনস্তা করে চলেছেন। বিষয়টি নিয়ে অধ্যক্ষের কাছেও অভিযোগ জানিয়েছিলেন তিনি। কিন্তু অভিযোগের নিষ্পত্তি না হওয়ায়, চূড়ান্ত মানসিক ভেঙে পড়েন তিনি।

গত শনিবার কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পরই ওই ছাত্রী নিজেকে আগুন দিয়ে দেন। তাঁকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন আরও এক ছাত্র। দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতিতার শরীরের প্রায় ৯৫ শতাংশ অংশ পুড়ে গিয়েছিল। পরে তাঁকে ভুবনেশ্বরের এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শেষরক্ষা হয়নি।

নির্যাতিতার বন্ধু জানান, “অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গিয়েছিল ও। তিনি বলেছিলেন, বিষয়টি প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলবে। আরও সময় দরকার। এরপর আমরা বন্ধুরা বাইরে যাই, আর কিছুক্ষণের মধ্যেই ফোন আসে—ও নাকি অগ্নিপরীক্ষা দিতে বাধ্য হয়েছে। নিশ্চয়ই কিছু এমন বলা হয়েছিল, যেটা ওর সহ্যের বাইরে ছিল।”

এই ঘটনার পরে চাপে পড়ে পুলিশ প্রথমে হেনস্তার অভিযোগে অভিযুক্ত বিভাগীয় প্রধানকে এবং পরে অধ্যক্ষকেও গ্রেফতার করে। অভিযোগ, অধ্যক্ষ ইচ্ছাকৃতভাবে অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করেছিলেন।

এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। কলেজ প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.