ইজরায়েল-ইরান সংঘাত এখন চরমে। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, গত কয়েকমাস ধরে ইরানের বর্তমান শাসকরা যেভাবে ইজরায়েলের ওপর আক্রমণ চালিয়েছে, তার বদলা নিতেই এই হামলা চালানো হয়েছে। এবং ভবিষ্যতে আরও বৃহৎ হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইজরায়েল৷ তবে, পালটা জবাব দিতে ছাড়েনি ইরানও।
শনিবার ইরানের রাজধানী তেহরান ও সংলগ্ন শহরতলিতে প্রায় ৩ রাউন্ড এয়ারস্ট্রাইক চালানো হয়। হামলার আগেই যদিও ইজরায়েলি ডিফেন্স ফোর্স ঘোষণা করে দেয়। জানানো হয়, ইরানের ‘মিলিটারি টার্গেটে’ এই হামলা চালানো হবে। পাল্টা বিবৃতি জারি করে ইরান। তারা বলে, ইজরায়েলের হামলা রোধে তারা সফল৷ কিন্তু, কিছু জায়গায় সীমিত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে।
ইজরায়েলি সেনার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গত কয়েকমাস ধরে ইরান ইজরায়েলের ওপরে শুধু হামলা চালায়। এই ধারাবাহিক হামলার জবাব দিতেই ইজরায়েলের সেনাবাহিনী ইরানের সামরিক ডেরায় সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়েছে৷ ইরানের বর্তমান শাসক এবং তাদের ঘনিষ্ঠরা গত ৭ অক্টোবর থেকে ইজরায়েলের ওপর লাগাতার আক্রমণ চালায়। এরই জবাবে হামলা চালিয়ে ইজরায়েলের দাবি, মানুষকে রক্ষা করার জন্য যাবতীয় যা করণীয়, তা তারা করবে।







