খেলাধুলা

ফাইনালের মঞ্চে চাঁদের হাট! সুনিধি চৌহানের জমকালো পারফরম্যান্স, স্টেডিয়ামে থাকবেন শচীন-রোহিতরা

আজ মহিলা বিশ্বকাপের ফাইনাল, আর এই ফাইনালকে ঘিরে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে তৈরি হচ্ছে এক উৎসবের পরিবেশ। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়া ঘোষালের সুরের পর, এবার সমাপ্তি অনুষ্ঠানে ছন্দের ঝড় তুলতে আসছেন জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। শুধু তাই নয়, জানা যাচ্ছে, এই ঐতিহাসিক ম্যাচ দেখতে মাঠে উপস্থিত থাকবেন কিংবদন্তি ক্রিকেটারেরা। গত ৩০ সেপ্টেম্বর অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেম গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল। এবার ফাইনালের আগে সেই একই দায়িত্ব নিচ্ছেন সুনিধি। ম্যাচ শুরুর ঠিক আগে তাঁর কণ্ঠে শোনা যাবে ভারতের জাতীয় সংগীত। আর দক্ষিণ আফ্রিকার জাতীয় সংগীত গাইতে স্টেডিয়ামে থাকবেন বিখ্যাত প্রোটিয়া গায়িকা টারিন ব্যাঙ্ক।

ম্যাচের প্রথম ইনিংস শেষ হওয়ার পর ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপের জমকালো সমাপ্তি অনুষ্ঠান। এখানকার মূল আকর্ষণ অবশ্যই সুনিধি চৌহান। ৬০ জন নৃত্যশিল্পীকে সঙ্গে নিয়ে পারফর্ম করবেন তিনি। ওই পারফরম্যান্সের সঙ্গেই চলবে চোখ ধাঁধানো আতশবাজি, লেজার শো এবং ড্রোন শো প্রদর্শনী। অন্তত ৩৫০ জন কর্মী এই লেজার শো প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। ভারত ফাইনালে খেলছে, তাই এই ঐতিহাসিক মুহূর্তে পারফর্ম করার সুযোগ পেয়ে সুনিধিও খুব খুশি। ফাইনালের দর্শকাসনেও এবার দেখা যাবে বহু হেভিওয়েট মুখ। বাংলার গর্ব, কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামী গ্যালারিতে উপস্থিত থাকবেন। ২০১৭ সালে ভারত যখন শেষবার মহিলা বিশ্বকাপের ফাইনালে খেলেছিল, তখন চাকদহ এক্সপ্রেসকে মাঠে বল হাতে দেখা গিয়েছিল। এবার তিনি দর্শকাসন থেকে ‘উইমেন ইন ব্লু’দের সমর্থন করবেন। এছাড়াও, ক্রিকেট ঈশ্বর শচীন তেণ্ডুলকর, রোহিত শর্মাদের মতো তারকারাও থাকবেন বলে শোনা যাচ্ছে। আন্তর্জাতিক ফুটবলের বড় নাম, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোকেও এই ফাইনাল দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.