একদিকে বাংলা নববর্ষ, অন্যদিকে আইএসএলের জোড়া ট্রফি—বাঙালির ক্যালেন্ডারে মোহনবাগান এবার এক আলাদা উৎসবের নাম। সদ্য সমাপ্ত মরসুমে লিগ-শিল্ড ও কাপ দুই-ই ঘরে তুলেছে সবুজ-মেরুন ব্রিগেড। এবার সেই ট্রফি উৎসবের আনন্দ ভাগ করে নিতে চলেছে ক্লাব কর্তৃপক্ষ। আগামী ১৫ এপ্রিল, নববর্ষের দিন মোহনবাগান তাঁবুতে রাখা হবে দুটি ট্রফিই। ক্লাবের সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, সমর্থকেরা শিল্ড ও কাপের সঙ্গে ছবি তুলতে পারবেন। উপস্থিত থাকতে পারেন দলের কয়েকজন দেশীয় ফুটবলারও।
যদিও বিদেশিরা আগেই ফিরে গিয়েছেন, তবুও নববর্ষে নিজেদের প্রিয় ক্লাবের এই অর্জনকে চোখের সামনে দেখতে মুখিয়ে গার্ডেন রিচ থেকে গোলপার্ক, সবুজ-মেরুন ভক্তরা। তবে এখানেই শেষ নয়, একদিকে যখন উৎসবের মেজাজ, অন্যদিকে সুপার কাপ ঘিরে ক্লাবের কৌশলও জানিয়ে দিয়েছেন দেবাশিস।
তিনি স্পষ্ট জানিয়েছেন, সুপার কাপকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না মোহনবাগান। আইএসএলের দ্বিতীয় সারির তরুণ প্রতিভারা এবং আরএফডিএল-এর ফুটবলারদের দিয়ে তৈরি দল নিয়েই মাঠে নামতে পারে দল। আইএসএলে নিয়মিত না খেলা দীপেন্দু, অভিষেক, সৌরভদের মতো খেলোয়াড়দের সুযোগ দেওয়া হবে।
এদিকে ব্যক্তিগত দিক থেকেও খুশির খবর মোহনবাগান শিবিরে। দলের অধিনায়ক শুভাশিস বসু বাবা হতে চলেছেন। তাঁর স্ত্রী কস্তুরী ছেত্রী সামাজিক মাধ্যমে এই খবর জানিয়ে শুভেচ্ছায় ভাসছেন। নববর্ষ যেন হয়ে উঠছে মোহনবাগান পরিবারে আনন্দের আরেক নাম।







