দীর্ঘ দশ বছরের লড়াই শেষে অবশেষে স্বপ্ন পূরণ হল জন আব্রাহামের। মোহনবাগান সুপার জায়ান্টকে টাইব্রেকারে হারিয়ে ডুরান্ড কাপ জিতে ইতিহাস গড়ল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ২০১৪ সালে জন আব্রাহামের হাত ধরে গড়ে ওঠা আইএসএলের একমাত্র ব্যক্তিমালিকানাধীন ক্লাবটি অবশেষে পেল তাদের প্রথম বড় শিরোপা।
যুবভারতীর ৫২ হাজার দর্শকের সামনে ফুটবলারদের কোলে তুলে নিয়ে বিজয়ের আনন্দ ভাগ করে নেন বলিউডের এই ‘মাচো’ তারকা। প্রতিটি খেলোয়াড়কে গভীর আবেগে জড়িয়ে ধরে জন প্রমাণ করলেন। নর্থ ইস্ট ইউনাইটেড তাঁর কাছে শুধু একটা ক্লাব নয়, বরং গর্বের প্রতীক।
নর্থ ইস্ট ইউনাইটেডের জন্য পথটা কখনও সহজ ছিল না। জন একাধিকবার ব্যর্থতার মুখোমুখি হয়েছেন, কিন্তু হাল ছাড়েননি। একমাত্র মালিকানাধীন ক্লাব হিসেবে বড় কর্পোরেট সংস্থার ক্লাবগুলির সঙ্গে লড়াই করে এগিয়ে যাওয়া ছিল চ্যালেঞ্জিং। তবুও, প্রতি বছর বিপুল আর্থিক ক্ষতির মুখেও ক্লাবের প্রতি তাঁর ভালোবাসা কমেনি। জনের কথায়, ‘‘নর্থ ইস্ট ইউনাইটেড শুধুমাত্র একটা ক্লাব নয়, গর্বও। দল হারলে কান্নায় ভেঙে পড়ি ঠিকই, আবার ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করি।’’
এই ডুরান্ড কাপ জয়ের মাধ্যমে জনের ক্লাব প্রথমবারের মতো কোনও প্রতিযোগিতার শিরোপা ঘরে তুলল। উত্তর-পূর্ব ভারতের ফুটবলারদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।







