খেলাধুলা

অভিষেকের ব্যাটে ইতিহাস, আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয় সানরাইজার্সের

শনিবার উত্তপ্ত হায়দরাবাদে এক রোমাঞ্চকর ম্যাচে ইতিহাস গড়লেন অভিষেক শর্মা। ৫৫ বলে ১৪১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে আইপিএলে এককভাবে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের নামে লিখলেন তিনি। তাঁর এই দুর্ধর্ষ ইনিংসের দৌলতেই পাঞ্জাব কিংসকে আট উইকেটে হারিয়ে চার ম্যাচ পর জয়ে ফিরল সানরাইজার্স হায়দ্রাবাদ।

এর আগে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস প্রথম থেকেই আগ্রাসী মেজাজে নামে। প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিং ঝড় তুলে মাত্র তিন ওভারে দলকে ৫০ রানে পৌঁছে দেন। প্রিয়াংশের ১৩ বলে ৩৬ রানের টর্নেডো ইনিংস ও শ্রেয়াস আইয়ারের ৩৬ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস দলকে বিশাল স্কোর এনে দেয়। শেষদিকে মার্কাস স্টইনিসের শামির ওপর টানা চার ছয়ে পাঞ্জাব ২৪৫ রানে ইনিংস শেষ করে।

পাঞ্জাবের এমন বড় রানের পাহাড় তাড়া করতে গিয়ে শুরু থেকেই ছন্দে ছিলেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। মাত্র ১২.২ ওভারে ১৭১ রানের জুটি গড়েন এই দুই ওপেনার। হেড ৩৭ বলে ৬৬ রান করে আউট হলেও, অভিষেক একের পর এক চার-ছয়ে ম্যাচ একাই ঘুরিয়ে দেন। আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ১৪১ রান করে সুনাম অর্জন করেন অভিষেক।

পাঞ্জাবের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন হর্ষল প্যাটেল, যিনি চারটি উইকেট নিয়ে সানরাইজার্সকে আটকে রাখার চেষ্টা করেন। কিন্তু বাকি বোলাররা মার খেয়ে দিশেহারা হয়ে পড়েন। শামি চার ওভারে ৭৫ রান দিয়ে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান খরচ করা বোলার হয়ে যান।

এই জয়ের ফলে আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়ে টানা পরাজয়ের গ্লানি মুছে ফেলল সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচ শেষে ‘এই ইনিংস অরেঞ্জ আর্মির জন্য’—লেখা একটি বার্তা দেখিয়ে অভিষেক বুঝিয়ে দিলেন, হায়দ্রাবাদের হয়ে খেলাটাই তাঁর কাছে সম্মান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.