খেলাধুলা

ডুরান্ডের মাঝেই আনন্দের ঢেউ, কন্যাসন্তানের বাবা হলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস

ডুরান্ড কাপের উত্তেজনার মধ্যেই মোহনবাগান শিবিরে এল খুশির খবর। দলের অধিনায়ক শুভাশিস বসু বাবা হলেন। শনিবার রাতে শহরের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন শুভাশিসের স্ত্রী কস্তুরী ছেত্রী। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

২০২১ সালে শুভাশিস ও কস্তুরী সাতপাকে বাঁধা পড়েন। এপ্রিলে আইএসএল ফাইনাল জিতে শিরোপা ঘরে তোলার পরই শুভাশিস আনন্দের সঙ্গে ঘোষণা করেছিলেন, তাঁদের পরিবারে আসছে ‘জুনিয়র ক্যাপ্টেন’। সেই সময় তিনি বলেছিলেন, ‘‘সবচেয়ে সুখী মানুষটা আমি। আমরা ডবল করেছি — আইএসএল জিতেছি, আর সন্তান আসছে।’’

সন্তান জন্মের আগে ঘটা করে সাধও হয়েছিল কস্তুরীর। এমনকি দম্পতি একসঙ্গে মাতৃত্ব-পিতৃত্বের মুহূর্ত বন্দি করেছিলেন ফটোশুটে। অবশেষে সমর্থকদের অপেক্ষার অবসান হল।

এই মুহূর্তে ডুরান্ড কাপে খেলছে মোহনবাগান। যদিও ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে শুভাশিস মাঠে নামেননি, তবুও দলের ৫-০ জয়ের আনন্দের সঙ্গে মিশল ব্যক্তিগত জীবনের এই অনন্য সুখবর।

নেটিজেন থেকে সমর্থক — সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন নবদম্পতিকে জীবনের নতুন অধ্যায়ের জন্য। মাঠের সাফল্যের পাশাপাশি পারিবারিক সুখও যেন শুভাশিসের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করে তোলে, এমনই প্রার্থনা সবুজ-মেরুন সমর্থকদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.