শালবনিতে নয় গড়বেতায় হচ্ছে সৌরভের ইস্পাত কারখানা। এমনটাই জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী নিজেই। গতকাল একটি আলোচনা সভায় প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী জানান জমি সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে শালবনিতে প্রস্তাবিত ইস্পাত কারখানা হবে না। তবে আশাহত হওয়ার কিছু নেই রাজ্যবাসীর।
কারণ শালবনির পরিবর্তে গড়বেতায় সৌরভ ইস্পাত কারখানা তৈরি করবেন। তিনি জানান এই বিষয়ে তার কথাও হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে।
গত সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরের সময় ইস্পাত কারখানা তৈরির কথা ঘোষণা করেন সৌরভ।সঙ্গে এও জানান মাস ছয়েকের মধ্যে তৈরি হবে কারখানাটি। স্থানীয় বেকার যুবক – যুবতীরা কাজের সুযোগ পাবেন সেখানে। কিন্তু এই ঘোষণার পরে পেরিয়ে গেল বেশ কয়েকমাস।কারখানা তৈরির কাজ বর্তমানে এখনও এগোয়নি। এরইমধ্যে সৌরভ ঘোষণা করলেন জমি সংক্রান্ত জটিলতার কারণে ইস্পাত কারখানাটি তৈরি হবে গড়বেতায়।
এদিনও সৌরভ বলেন “রাজ্যে ইস্পাত কারখানা হলে বহু মানুষের নতুন কর্মসংস্থান হবে।” সৌরভের ঘোষণা নতুন আশার সঞ্চার করল গড়বেতাবাসীদের মনে।







