অবশেষে আজ ভোরে শিয়ালদা পৌঁছতে পেরেছে দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অক্ষত অংশ। ভোড় ৩ টে বেজে ১৬ মিনিটে শিয়ালদার ১৩ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে ১৩১৭৪ ডাউন আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফেরেন ১২৯৩ জন যাত্রী। শিয়ালদহ স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সঙ্গে ছিলেন শিয়ালদহের ডিআরএম দীপক নিগম এবং রেলের অন্যান্য অফিসাররা।
ট্রেন এসে পৌঁছনোর পরে যাত্রীরা ট্রেন থেকে নামেন৷ তাঁদের হাতে তুলে দেওয়া হয় জল ও খাবার। তাঁরা কেমন আছেন, কারও কোনও সমস্যা হচ্ছে নাকি, যাত্রীদের সঙ্গে কথা বলেন ফিরহাদ হাকিম এবং রেলকর্তারা।
শিয়ালদা স্টেশনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রেল প্রসঙ্গে কটাক্ষ করে পুরমন্ত্রী বলেন, ‘মানুষের অভিজ্ঞতা খুব মর্মান্তিক, ৩ দিন ধরে ট্রেনে রয়েছেন, হঠাৎ করে মৃত্যু ফাঁদ, তার থেকে বেরিয়েছেন, অনেকেই আহত, আমাদের যেটুকু করার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা করেছি, কিন্তু ভারতীয় রেলের কী হবে, এটা বড় প্রশ্নের মুখে, আমাদের কাজ আমরা করছি, আমরা প্রাণ হাতে নিয়ে রেলে চড়ব, ভগবানের কৃপায় ফিরতে পারেল ফিরব নইলে মৃ্ত্যু।’ রেলযাত্রা নিয়ে ফিরহাদের সংযোজন, ‘আমি নিজেও নিরাপদ মনে করি না , বন্দে ভারতে যাতায়াত কর, এবার ইনস্যুরন্সে বাড়িয়ে যেতে হবে।’







