রাজ্যে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তির আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়িতে এসএসবি-র একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের গতি থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক—দুই বিষয়ই তুলে ধরেন শাহ।
এসএসবি-র অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর উপস্থিতির প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত কোনও বিষয়ে রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করলেই দ্রুত অনুমোদন পাওয়া যাচ্ছে। পরে সেই সংক্রান্ত চিঠি পৌঁছয়।
শাহ বলেন, “শুভেন্দুজির প্রশংসা করতে চাই। উনি আসার পর সীমা সুরক্ষা নিয়ে আমাদের যখনই কোনও সহযোগিতার প্রয়োজন হয়েছে, ফোন করলেই পারমিশন পাওয়া যায়। চিঠি তো পরে যায়।”
প্রশাসনিক তৎপরতার উদাহরণ হিসেবে বিএসএফ ও এসএসবির জন্য জমি বরাদ্দের বিষয়টিও তুলে ধরেন শাহ। তাঁর দাবি, কেন্দ্রের তরফে দীর্ঘদিন ধরে চাওয়া ১১২৯ একর জমি নতুন সরকার ক্ষমতায় আসার মাত্র ৪৫ দিনের মধ্যেই বিএসএফ ও এসএসবির জন্য দেওয়া হয়েছে। যদিও আরও ২৯ একর জমি তখনও বাকি ছিল। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় সেই জমির প্রসঙ্গই তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শাহ জানান, শুভেন্দু অধিকারী তাঁকে জানিয়েছেন, ওই ২৯ একর জমির জন্য প্রয়োজনীয় অর্থ পাওয়া গেলেই পরের দিন অনুমোদন দিয়ে দেওয়া হবে। এই ঘটনাকেই বর্তমান রাজ্য সরকারের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নজির হিসেবে তুলে ধরেছেন তিনি।
তবে প্রশাসনিক সমন্বয়ের পাশাপাশি শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথাও প্রকাশ্যে আনেন শাহ। তাঁর বক্তব্য, বিজেপির মুখ্যমন্ত্রী বলেই শুধু তাঁদের মধ্যে এমন সমন্বয় তৈরি হয়নি। শুভেন্দুকে নিজের বন্ধু হিসেবে উল্লেখ করে শাহ বলেন, “শুভেন্দুজি আমার বন্ধু, আমি ওঁকে বুঝি।” বাংলার উন্নয়ন এবং রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে তাঁদের মধ্যে নিয়মিত আলোচনা হয় বলেও জানান তিনি।
শাহর দাবি, অনুপ্রবেশ বন্ধ না করলে পশ্চিমবঙ্গ তথা দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়—এই বিষয়টি শুভেন্দু অধিকারীও উপলব্ধি করেন। সীমান্ত সুরক্ষায় কাঁটাতারের প্রয়োজনীয়তার বিষয়েও মুখ্যমন্ত্রী সহমত বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বর্তমান সরকারের প্রশংসার পাশাপাশি আগের তৃণমূল সরকারকেও নিশানা করেন শাহ। তাঁর বক্তব্য, এসএসবি বা বিএসএফ কোনও রাজনৈতিক দলের সংগঠন নয়। দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা এই বাহিনীর সঙ্গে রাজ্য সরকারের সুসম্পর্ক থাকা জরুরি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে এসএসবির অনুষ্ঠানে যোগ দিয়েছেন—এই প্রসঙ্গ তুলে শাহ দাবি করেন, আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একই ধরনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেননি বলে অভিযোগ করেন শাহ।
বিএসএফের জন্য জমি দেওয়ার প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, সীমান্তরক্ষী বাহিনীর প্রয়োজনীয় জমির জন্য আগের সরকারের কাছে একাধিকবার আবেদন করা হয়েছিল। এমনকী তিনি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে গিয়ে জমি দেওয়ার অনুরোধ করেছিলেন বলেও জানান। শাহর অভিযোগ, মমতা সম্মতি দিলেও শেষ পর্যন্ত জমি দেওয়া হয়নি।
এর পরেই বাংলার ভোটারদের ধন্যবাদ জানিয়ে শাহ বলেন, রাজ্যের মানুষ এমন একটি সরকারকে ক্ষমতায় এনেছেন, যারা জাতীয় নিরাপত্তাকে গুরুত্ব দেয়।
শুভেন্দু অধিকারী সরকারের ১০০ দিন পূর্তির সময়ে অমিত শাহর এই মন্তব্য রাজনৈতিক ও প্রশাসনিক—উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একদিকে সীমান্ত নিরাপত্তা ও কেন্দ্র-রাজ্য সমন্বয়ের বিষয়টি সামনে এসেছে, অন্যদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্কের বার্তাও প্রকাশ্যে এসেছে।
বিশেষ করে ‘ফোন করলেই পারমিশন, চিঠি যায় পরে’—শাহর এই মন্তব্যে শুভেন্দু সরকারের দ্রুত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের ইতিবাচক মনোভাবই প্রকাশ পেয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।







