উত্তরবঙ্গে ঝটিকা সফরে সামিল প্রবীণ বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। জলপাইগুড়ি গিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের উত্তরবঙ্গে ৪০ আসনের লক্ষ্যমাত্রা স্থির করেন দিলীপ। সঙ্গে, নেতা-কর্মীদের এখন থেকেই কাজে তৎপর হওয়ার বার্তাদানও করেন।
উল্লেখ্য, গত কয়েকদিনে দিলীপ বিভিন্ন জেলায় জেলায় ঘুরছেন। মেদিনীপুর, ব্যারাকপুর, মুর্শিদাবাদ, মালদহ দক্ষিণ, মালদহ উত্তর হয়ে সোমবার তিনি যান বালুরঘাটেও। সবদিকেই এক কর্মসূচি – স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করা ও কথপকথন।
বিজেপির অভ্যন্তরীণ সূত্রে খবর, কর্মীদের উদ্দেশে দিলীপ জানান, বিধানসভা নির্বাচনে অন্তত ৪০টি আসন বিজেপি-র দখলে আনতে হবে। তাঁর উবাচ, ‘এর আগে আমরা সিপিএমের ভোট পেয়েছি। কিন্তু এবার সেই ভোটের একটা বড় অংশ বাম কংগ্রেস জোটে ফিরে গিয়েছে। কেন এই লোকগুলো আমাদের একবার সমর্থন করে আবার চলে গেল তার কারণ খুঁজে বের করে ওইসব মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাই আর সময় নষ্ট না করে আগামিকাল থেকেই নিজের বুথকে আরও মজবুত করতে হবে।’







