সুপ্রিম কোর্টের রায়ে কার্যত ভূমিকম্প বাংলার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষাঙ্গনে। বহু বছর ধরে যাঁরা স্কুলে পড়াচ্ছেন, তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে—আগামী দু’ বছরের মধ্যে টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) পাস করতেই হবে। না হলে চাকরি খোয়াতে হবে, কিংবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।
গত ১ সেপ্টেম্বর বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ এই রায় দিয়েছে। দেশের সব রাজ্যেই এই নিয়ম চালু হবে। তবে ৫৫ বছরের বেশি বয়সিদের ক্ষেত্রে ছাড় থাকছে, আর সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলিকে এই নিয়ম মানতে হবে না।
বাংলায় পরিস্থিতি আরও জটিল। শিক্ষা দপ্তরের হিসাবে, প্রাথমিক স্তরে অনেকেই টেট ছাড়াই নিয়োগ পেয়েছেন। আবার ২০১০ সালের আগে উচ্চ প্রাথমিকে আলাদা টেট পরীক্ষা নেওয়া হয়নি—তখন শিক্ষক নিয়োগ করত স্কুল সার্ভিস কমিশন। ফলে এখনো বহু শিক্ষক রয়েছেন যাঁরা কোনওদিন টেট দেননি, অথচ বছরের পর বছর ক্লাসরুমে পড়াচ্ছেন।
বাম আমলে মাধ্যমিক পাশ করলেই প্রাথমিক শিক্ষকতায় আবেদন করা যেত, প্রশিক্ষণও বাধ্যতামূলক ছিল না। সেই নিয়মেই ২০০৯ সালে ৫৪ হাজার শিক্ষক নিয়োগ হয়। তাই বাংলাতেই কয়েক লক্ষ শিক্ষক আজ টেট-বিহীন।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, সরকার আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষক সংগঠনগুলি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করে তাঁদের উদ্বেগ জানিয়েছেন।
আইনজ্ঞদের মতে, শিক্ষার মান বজায় রাখতে এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১০ সালে শিক্ষার অধিকার আইন চালু হওয়ার পর থেকেই টেট বাধ্যতামূলক হলেও, এবার তার আওতায় আসছেন ২০-৩০ বছর ধরে কর্মরত শিক্ষক-শিক্ষিকারাও।
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলছেন, “শিক্ষার মান রক্ষার জন্য এই সিদ্ধান্ত জরুরি। তবে এতদিন ধরে যাঁরা পড়াচ্ছেন, তাঁদের পক্ষে নতুন করে টেট পাস করা সহজ হবে কি না, সেটাই বড় প্রশ্ন।”
অন্যদিকে দীর্ঘ ২১ বছর ধরে শিক্ষকতা করা এক প্রধান শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে সময় আমাকে নিয়োগ করা হয়েছিল, তখন টেট ছিল না। সরকারি নিয়ম মেনেই চাকরি পেয়েছিলাম। এখন আবার পরীক্ষা দিয়ে চাকরি টিকিয়ে রাখতে হবে—এটা কি ন্যায্য?”
ফলে আদালতের এই নির্দেশ কার্যকর হলে কেবল হাজার হাজার শিক্ষক নয়, সমগ্র শিক্ষাব্যবস্থার ভবিষ্যতই প্রশ্নের মুখে পড়তে চলেছে







