মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতা-নেত্রীর বিরুদ্ধে রাজ্যপালের দায়ের করা মানহানির মামলা এবার গৃহীত হল কলকাতা হাইকোর্টে। আগামী ১৫ জুলাই পরবর্তী শুনানির দিন। তবে,এই সংক্রান্ত বিষয়ে রাজভবনের করা পোস্ট, ও কিছু সময় পর সেই পোস্ট মুছে ফেলা নিয়ে এবার বিতর্ক চুড়ান্তে!
রাজভবনের এক্স হ্যান্ডল থেকে যে পোস্টটি করা হয়, তাতে প্রশ্নোত্তরের আকারে রাজ্যপাল জানিয়েছিলেন, আদালতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা মানহানির মামলার শুনানিতে ঠিক কী ঘটেছে। প্রশ্ন ছিল, ‘কলকাতা হাই কোর্ট কি রাজ্যপালের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার বিরুদ্ধে কোনও আদেশ দিয়েছে?’
জবাবে লেখা হয়, ‘কলকাতা হাই কোর্ট মৌখিক ভাবে নির্দেশ দিয়েছে, রাজ্যপালের বিরুদ্ধে কোনও অবমাননাকর মন্তব্য করা যাবে না।’ পোস্টে রাজভবন আরও জানায়, রাজ্যপালের আইনজীবীর কাছ থেকে প্রাথমিকভাবে জানা গিয়েছে, মানহানির মামলা গ্রহণ করা হয়েছে। অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে আদেশের আবেদন সোমবার শোনা হবে। আদালত মৌখিক ভাবে জানিয়েছে, এই সময়ের মধ্যে কোনও অবমাননাকর মন্তব্য করা যাবে না।’
বেলা ১২টা ৫৯ মিনিটে পোস্টটি করা হয় রাজভবনের তরফে। তবে তার কিছুক্ষণ পরই সেই পোস্ট তুলে নেওয়া হয়। যা নিয়ে কার্যতই চর্চা তুঙ্গে!







