কেন্দ্র

ডিজেলের দাম ৫০ টাকা বাড়ার পরিস্থিতি তৈরি হয়েছিল, ৪৩ টাকার বোঝা সরকারই সামলেছে: মোদি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে পেট্রল ও ডিজেলের সংকট তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারকে যে যথেষ্ট তৎপরতার সঙ্গে পদক্ষেপ করতে হয়েছিল, তা কারও অজানা নয়। কেন্দ্রের দাবি, সরকারের সময়োচিত উদ্যোগের ফলেই আন্তর্জাতিক সংঘাতের প্রভাব ভারতের জ্বালানি বাজারে সেভাবে পড়েনি। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতেই জ্বালানি তেলের দাম তুলনামূলক কম বেড়েছে বলেও বারবার দাবি করেছে মোদি সরকার। এবার সেই সংকট মোকাবিলার কৃতিত্ব সরাসরি নিজের সরকারের ঝুলিতে তুলে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর বক্তব্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকটের মধ্যেও দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারকে প্রতিদিন বিপুল আর্থিক চাপ সামলাতে হচ্ছে। বৃহস্পতিবার একটি বেসরকারি সংবাদমাধ্যমের উদ্যোগে আয়োজিত কিষান সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, যুদ্ধের পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যে হারে বেড়েছিল, তার সম্পূর্ণ প্রভাব দেশের বাজারে পড়লে ডিজেলের দাম লিটারপ্রতি প্রায় ৫০ টাকা বেড়ে যেতে পারত। কিন্তু সেই অতিরিক্ত বোঝা সাধারণ মানুষের উপর চাপায়নি কেন্দ্র। বরং লিটারপ্রতি ৪৩ টাকার আর্থিক চাপ নিজেরাই বহন করেছে সরকার।

এ প্রসঙ্গে মোদি বলেন, “ভারত সেই সময় অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। ডিজেলের দাম লিটারপ্রতি ৫০ টাকা বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারের সেই চাপ আমরা কৃষকদের উপর চাপিয়ে দিইনি। সরকার সিদ্ধান্ত নিয়েছিল, কোনওভাবেই সাধারণ মানুষের উপর এই বোঝা চাপানো হবে না। শেষ পর্যন্ত মাত্র ৭ টাকা দাম বাড়ানো হয়েছে। বাকি ৪৩ টাকার দায়িত্ব সরকার নিজেরাই নিয়েছে।” প্রধানমন্ত্রীর আরও দাবি, জ্বালানির দামের অতিরিক্ত বোঝা সামলাতে গিয়ে প্রতি মাসে কেন্দ্রকে অন্তত ১৪ হাজার কোটি টাকা আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

বর্তমানে ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ পরিস্থিতির তীব্রতা অনেকটাই কমেছে। ইতিমধ্যে দুই দেশের মধ্যে সমঝোতাপত্রও স্বাক্ষরিত হয়েছে। হরমুজ প্রণালী দিয়েও জাহাজ চলাচল এখন অনেকটাই স্বাভাবিক। একসময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারে পৌঁছে গিয়েছিল। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৭০ থেকে ৭৫ ডলারের মধ্যে। যদিও কেন্দ্রের দাবি, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব দেশের সাধারণ মানুষের উপর পড়তে না দিতে সরকারকে যথেষ্ট আর্থিক চাপ ও প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.