সবজির মূল্যবৃদ্ধির জেরে বেজায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কাছে অনেকের অভিযোগ আসতে শুরু করেছিল। তৎক্ষণাৎ তিনি পদক্ষেপ নেন। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর কাজ শুরু করল টাস্ক ফোর্স। পুলিশ নিয়ে টাস্ক ফোর্সের প্রতিনিধিরা বাজারে যাচ্ছেন। কলকাতা এবং গ্রামবাংলার বাজারগুলিতে হানা দিচ্ছেন।
সেরকমই আজ উত্তর কলকাতার শ্যামবাজার মার্কেটে পরিদর্শনে আসেন তারা। অন্যান্য বাজারের থেকে শ্যামবাজারে মার্কেটে সব থেকে বেশি চড়া দাম। শুক্রবার উত্তর কলকাতার শ্যামবাজার মার্কেট(Shyambazar Market) পরিদর্শন করেন টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। সবজি বাজার পরিদর্শন করে অধিকারিরা জানান, নিজেদের ইচ্ছা মতো বাজারের বিক্রেতারা দাম নিচ্ছেন।
কোন সবজি ৪০ টাকা কেজি কিনে থাকলে সেই সবজি ৬০ অথবা ৭০ টাকায় বিক্রি করছেন তারা। অথচ কলকাতার কোলে বাজার পাইকারি মার্কেটে সেই সবজির দাম কিলো প্রতি অনেক কম। দোকানে কোনরকম রেট চার্ট লাগানো নেই। বিক্রেতারা যেমন খুশি শাক-সবজি নিজেদের ইচ্ছেমতো দাম নির্ধারিত করে বিক্রি করছে।
আধিকারিকরা জানান, কোলে মার্কেট থেকে তারা যে দামে কিনে নিয়ে আসে তার থেকে অনেকটা বেশি দামেই তারা এখানে মুনাফা করছে। এই ঘটনায় তাজ্জব হয়ে যান পরিদর্শকরা। তারা বিক্রেতাদের স্পষ্ট নির্দেশ দেন এভাবে ব্যবসা করা যাবে না। নির্দিষ্ট দামে বিক্রি করতে হবে কাঁচা আনাজ। অন্যথায় পুলিশ গ্রেফতার করতে বাধ্য হবে। বেশ কিছু সবজি বিক্রেতাদের সঙ্গে টাস্ক ফোর্স এর সদস্যদের তর্ক-বিতর্ক হয়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, নবান্নে মৃত্যুর প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি নিয়ে বৈঠকে বসে মুখ্যমন্ত্রী নিজে মন্তব্য করেছিলেন জিনিসপত্রের দাম যেভাবে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে মানুষ বাজারে যেতে ভয় পাচ্ছে। এরপরই তিনি ১০ দিনের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগাম ছাড়া দাম কমানোর নির্দেশ দিয়েছিলেন।
একই সঙ্গে তিনি বাজারগুলিতে টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে পরিদর্শন করার নির্দেশ দেন। সেই নির্দেশ পাওয়ার পর থেকেই শহরের একাধিক বাজারে হানা দিচ্ছেন পরিদর্শকরা। কিন্তু মানিকতলা বা অন্যবাজারে জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণে থাকলেও শুক্রবার শ্যামবাজার মার্কেটে কাঁচা আনাজের লাগাম ছাড়া দাম বৃদ্ধির ঘটনায় ক্ষুব্ধ হন পরিদর্শকরা। পরিদর্শকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা এই মূল্যবৃদ্ধির উপর কড়া নজর রাখবেন। দরকার হলে আগামী দিন পুলিশকে নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বাজার গুলিতে গিয়ে।







