ধান জমিতে ব্যাগের ভেতর থেকে উদ্ধার হল এক বালকের মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের খুড়শী পঞ্চায়েতের দক্ষিণ পলাশী এলাকায়।
শনিবার দুপুর নাগাদ জমিতে সার দিতে গিয়ে একটি ব্যাগের মধ্যে মৃতদেহ দেখতে পায় এলাকাবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায় পোক্তাপোল থেকে দশগ্রাম যাওয়ার রাজ্য সড়কের দক্ষিণ পলাশী এলাকায় রাস্তার ধারে ধান জমি থেকে উদ্ধার হয় ওই ব্যাগটি। কে বা কারা এই ব্যাগটি ফেলে দিয়ে গিয়েছে বলে জানান তারা। সকালে ধানজমিতে সার দিতে গিয়ে নজরে আসে বিষয়টি। সন্দেহ হলে ব্যাগ খুলতে দেখা যায় এক বালকের মুচড়ানো মৃতদেহ রয়েছে ওর ভেতরে। এর পর এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার পুলিশ। ব্যাগ ভর্তি মৃতদেহ উদ্ধার করে তারা। পুলিশ সূত্রের খবর, আনুমানিক বছর বারো বয়সী বালকের দেহ উদ্ধার করেছে তারা। তবে এই ঘটনায় যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন। সেইসঙ্গে কে বা কারা এই কাজ করেছে তা জানতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ।







