লোকসভা নির্বাচনের পরবর্তীতে দিল্লিতে নয়া কেন্দ্রীয় সরকার গঠিত হয়েছে। কেন্দ্রীয় বাজেটও ইতিমধ্যেই পেশ হয়ে গিয়েছে। যা নিয়ে চর্চায় গোটা দেশ। এহেন আবহেই আজ, বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এইবারের দিল্লি সফরে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলাদাভাবে কোনও বৈঠক হচ্ছে না। তা সত্ত্বেও মমতার নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্তকে আজ মোদী সরকারের এক শীর্ষস্থানীয় মন্ত্রী ‘স্বাগত’ জানিয়েছেন।
অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন। নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কংগ্রেস যদি বাকি সবার সঙ্গে আলোচনায় বসত, তবে ভাল হত, এমনটাই মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সেক্ষেত্রে মিলিতভাবে নীতি আয়োগের বৈঠক বয়কট হতে পারত।
তৃণমূল সূত্রের যুক্তি, বাকিদের সঙ্গে কথা না বলে কংগ্রেস আগেই এই সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে। যা জোটধর্মের পরিপন্থী। বাজেটের আগেই মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। যার দরুন মমতা দিল্লি সফর বাতিল করছেন না। তবে, তিনি শুক্রবার সংসদে যেতে পারেন। সেখানে কারও সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায়, তা আলাদা ব্যাপার।







