লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে গতকালই তুমুল বিতর্কের মধ্যে জড়ান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও। অখিলেশ যাদবের প্রতি তোপ দেগে তিনি এ’ও বলেছেন, ‘জ্ঞান দেবেন না!’ আবার কখনও নাম না নিয়ে রাহুলের জাত প্রসঙ্গে মন্তব্যও করেছেন। এবার এই নিয়েই সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, মঙ্গলবার কংগ্রেস সাংসদ বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছিলেন। বাজেটের আগে হওয়া হালুয়া অনুষ্ঠান প্রসঙ্গেও কেন্দ্রকে আক্রমণ করেন রাহুল। তার আক্রমণের পাল্টা জবাব দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর।
মঙ্গলবার রাতে নিজের এক্স হ্যান্ডল থেকে অনুরাগের বক্তব্যের একটি ভিডিয়ো ক্লিপ পোস্ট করেন প্রধানমন্ত্রী। পোস্টের ক্যাপশনে লেখেন, ‘আমার তরুণ এবং উদ্যমী সহকর্মী শ্রী অনুরাগ ঠাকুরের এই বক্তৃতাটি সকলের শোনা উচিত। তথ্য ও হাস্যরসের নিখুঁত মিশেলে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নোংরা রাজনীতির মুখোশ খুলে দিয়েছেন তিনি।’
নরেন্দ্র মোদীর এহেন পোস্টের পর আবারও সমালোচনায় সরব হয়েছে বিরোধী নেতৃত্বও। তরজা অব্যাহত।







