আগামী শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণির পাঠক্রমে সুভাষচন্দ্র বসুর লেখা ‘তরুণের স্বপ্ন’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তগ্রহণ রাজ্য সরকারের। উক্ত সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ধন্যবাদ জানান ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়।
পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁদের অনুরোধ, সুভাষচন্দ্রের ‘জাতীয় পরিকল্পনা’র সূত্র মেনে রাজ্য স্তরে পরিকল্পনা কমিশন বা ওই ধরনের সংস্থা গঠন করাও হোক।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, দশম শ্রেণির ছাত্রছাত্রীদের ‘তরুণের স্বপ্ন’ পড়ানোর এই পদক্ষেপের পিছনে রয়েছে মুখ্যমন্ত্রীর মতামত। সম্প্রতি এক বৈঠকে মুখ্যমন্ত্রীর মতামতজ্ঞাপন, ‘তরুণের স্বপ্ন’-র মতো বই কিশোরদের পড়া দরকার। তবেই সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে সুদৃঢ় দায়বদ্ধতা গঠন হবে।
শিক্ষক মহলের বক্তব্য, মূল্যবোধ, দেশাত্মবোধ, আত্মবিশ্বাস গড়ে তোলার দরুন এই বইয়ের কোনও বিকল্প নেই। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা।







