গতকাল থেকেই ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচিকে ‘নাটক’ আখ্যা দিয়ে আসছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এদিন আবারও এই প্রসঙ্গে সরব হন তিনি। উক্ত আন্দোলনে সাধারণ মানুষ যাতে অংশগ্রহণ না করে, তার প্রেক্ষিতে নিজস্ব যুক্তি সাজালেন তিনি। আজ সকালে এক্স-এ একটি পোস্ট করে কুণাল প্রথমে লেখেন, ‘প্রতিবাদ, নিন্দা সবাই করছি। করা উচিত। ন্যায়বিচার সবাই চাইছি। সরব সবাই হচ্ছি। কিন্তু সিপিএম-বিজেপির বকলমা রাজনৈতিক ইভেন্টে সামিল হবেন না। ওদের জমানার পরপর এইসব ঘটনা। এখন সাধু সাজছে আবেগকে বিভ্রান্ত করে।’
পরবর্তীতেই অপর একটি পোস্টে কুণাল লেখেন, ‘আমিও গোড়া থেকে প্রতিবাদ করেছি। বিতর্কিত অডিও পোস্ট করেছি। জানোয়ারগুলোর ফাঁসি হোক। বহু ধর্ষণ ও খুন বাম-রাম জমানায়। তাদের তৈরি ইভেন্টে নাম লিখিয়ে বিপ্লবী সাজা উচিত নয়। নিরপেক্ষতা চাইলে পোস্টারে কোচবিহার, বানতলা, ধানতলা, সিঙ্গুর, নন্দীগ্রাম, উন্নাও, হাথরাস, বিলকিস রাখুন।’
উল্লেখ্য, কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসককে নারকীয় ধর্ষণ-খুন। তিলোত্তমার বুকে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। বিক্ষোভের আঁচ পৌঁছে গিয়েছে বাংলাজুড়ে বিভিন্ন বিভিন্ন প্রান্তে এবং দেশেও। মহিলারা ঠিক কোথায় সুরক্ষিত? কখন সুরক্ষিত? রাতের নিরাপত্তা চাইতে হচ্ছে কেন? প্রশ্ন উঠছে একাধিক। এহেন আবহে এবার রাত দখলের কর্মসূচি নিয়েছে বাংলা-সহ বিভিন্ন শহরের মহিলারা। ‘রাত দখলের আহ্বান’ স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফেলেছে এক অন্য আলোড়ন।







