খাস কলকাতার উপকণ্ঠে সোনারপুরে এক দম্পতির ওপর নেমে এল চরম পৈশাচিকতা। আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে এক দম্পতিকে ঘিরে ধরে, স্বামীকে বেধড়ক মারধর করে তাড়িয়ে দিয়ে তাঁর স্ত্রীকে টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে ‘গণধর্ষণ’ করার অভিযোগ উঠল পাঁচ দুষ্কৃতীর বিরুদ্ধে। বারুইপুর পুলিশ জেলার সোনারপুর থানার সুভাষগ্রাম এলাকার এই নারকীয় ঘটনায় রাজ্য জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শুক্রবার গভীর রাতে সুভাষগ্রামের ২১ নম্বর ওয়ার্ডে এই হাড়হিম করা ঘটনাটি ঘটে। রাস্তা শুনসান থাকায় আচমকাই দম্পতির উপরে চরাউ হয় পাঁচ দুষ্কৃতী। স্বামীকে রড দিয়ে বেধড়ক মারধর করার পাশাপাশি ওই বধূর ওপর পাশবিক নির্যাতন চালায় নরপশুরা। অভিযোগ, গলায় ধারালো ছুরি ঠেকিয়ে খুনের হুমকি দিয়ে রাস্তার ধারের একটি ঘরে নিয়ে গিয়ে প্রায় এক ঘণ্টা ধরে তাঁর ওপর পাশবিক অত্যাচার চালানো হয়। পরে দুষ্কৃতীরা অসতর্ক হতেই কোনোমতে তাদের হাত থেকে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন নির্যাতিতা।
শনিবার সকালে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দম্পতি। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানিয়েছেন, পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে । বাকি পলাতকদের খোঁজে জোরদার তল্লাশি চলছে।







