সাধারণ মানুষজন গত কিছু বছরে , কাটমানি শব্দটির সঙ্গে , বেশ ভালোভাবেই পরিচিত হয়ে গিয়েছে । বহু নেতার বিরুদ্ধেই অভিযোগ সামনে এসেছিল কাটমানি নেওয়ার । অভিযোগ ছিল , আবাস যোজনার টাকা পেতেও কাটমানি দিতে হতো , আবার কাটমানি দিতে হতো স্বাস্থ্যসাথী কার্ড পেতেও । এবার সরকার বদলের পর , এইসব অভিযোগ আর আসবে না বলেই আশ্বাস দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । শনিবার , ডায়মন্ড হারবারে , প্রশাসনিক বৈঠকের পর শুভেন্দু অধিকারী আশ্বাস দেন , কাটমানি প্রমাণ করতে পারলেই , প্রশাসন কড়া পদক্ষেপ নেবে ।
সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানান , “কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কোনও স্কিম পেতে গিয়ে কাউকে যদি কাটমানি দিতে হয়, তাহলে কয়েকটি ডকুমেন্ট দেখালেই ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটাল ডকুমেন্ট হিসেবে পেটিএমের ট্রানজাকশন আর অ্যাকাউন্ট ট্রান্সফারের প্রমাণ দেখাতে পারলেই অভিযুক্তকে গ্রেফতার করা হবে। এই নথিগুলি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী নথি হিসেবে বিবেচিত হবে।”
একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই দুটি নথি না থাকলে অভিযোগ দায়ের করতে হবে এবং তা খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগ সঠিক প্রমাণিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে অভিযোগ ভিত্তিহীন হলে মামলাটি বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি শুভেন্দু সতর্ক করে বলেছেন, বারবার ভুয়ো অভিযোগ জমা পড়লে অভিযোগকারীর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।







