লর্ডসের নীল আকাশের নিচে টস জিতে ফিল্ডিং নেওয়া শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয় ডি সিলভার সিদ্ধান্ত যেনো ভুল প্রমাণিত হলো। ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুললেন জো রুট। তার ১৪৩ রানের দুর্দান্ত ইনিংস দলকে নিয়ে গেলো নিরাপদ স্থানে। পাশাপাশি গাস অ্যাটকিনসন প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি করে অপরাজিত ৭৪ রানে থেকে দলের সংগ্রহ বাড়াতে সাহায্য করেন।
শ্রীলঙ্কার পেস আক্রমণ শুরুতে ইংল্যান্ডের প্রথম তিন উইকেট দ্রুত ফেলে দেয়। কিন্তু রুটের দৃঢ়তা এবং অ্যাটকিনসনের সাথে ৯২ রানের জুটি ইংল্যান্ডকে ৩৫৮/৭ রানে পৌঁছে দেয়।
প্রথম দিনে ইংল্যান্ডের সংগ্রহের প্রধান অংশীদার ছিলেন রুট, যিনি লর্ডসে তার ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন। এই ইনিংসের মাধ্যমে তিনি ৩৩তম টেস্ট সেঞ্চুরিতে পৌঁছান। যা তাকে কিংবদন্তি অ্যালিস্টার কুকের সমতায় নিয়ে আসে।
শ্রীলঙ্কার পেসার লাহিরু কুমারা (২-৭৫) ও মিলান রথনায়েকে (২-৮০) যথেষ্ট ভালো বোলিং করলেও রুট ও অ্যাটকিনসন দৃঢ়তার জুটি শ্রীলঙ্কার বোলিং আক্রমণকে বাধাগ্রস্ত করে। দিনের শেষে মেঘের ছায়ায় অ্যাটকিনসন এবং ম্যাথু পটসের (অপরাজিত ২০) সাথে ৫০ রানের অপরাজিত জুটি শ্রীলঙ্কাকে আরও চাপে ফেলে দেয়। ম্যাচের প্রথম দিনটা ছিল ইংল্যান্ডের। তবে দ্বিতীয় দিনে শ্রীলঙ্কা লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।







