খেলাধুলাদেশ

উল্লাসের উৎসবে বিষাদ, সমর্থকদের মৃত্যুতে আরসিবির আর্থিক সহানুভূতি

ট্রফি জয়ের আনন্দে যখন ডুবেছিল গোটা বেঙ্গালুরু, তখনই শহরের এক কোণে ঘটে গেল ভয়াবহ ঘটনা—উৎসবের ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ১১ জন সমর্থক। কোহলিদের ট্রফি ঘরে ফেরানো উপলক্ষে আয়োজিত সংবর্ধনা মুহূর্তেই পরিণত হল মৃত্যু-মিছিলে। প্রথমে কিছুটা নীরবতা বজায় রাখলেও, পরে বিবৃতি দিয়ে দুঃখপ্রকাশ করে আরসিবি। কিন্তু তার পরেও নিন্দার ঝড় না থামায় এবার আর্থিক সহানুভূতির পথে হাঁটল ফ্র্যাঞ্চাইজি।

ঘটনার ১৭ ঘণ্টা পর বৃহস্পতিবার আরসিবির বিবৃতিতে জানানো হয়, মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি ‘আরসিবি কেয়ার’ নামে একটি তহবিল তৈরি করে আহতদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজি জানায়, “সমর্থকেরাই আমাদের প্রাণ, এই সময়ে আমরা একসঙ্গে।”

এই দুর্ঘটনার খবর প্রথমে জানত না বলে দাবি করেছিল আরসিবি। বিবৃতিতে তারা জানায়, “দলের শহরে ফেরার সময় বিশাল ভিড় হয়েছিল। সেই জমায়েতে দুর্ঘটনার খবর আমরা পরে সংবাদমাধ্যম থেকেই জানতে পারি। জানার পর পরিকাঠামো ও কর্মসূচি বদল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।” কোহলি নিজেও এই ঘটনায় শোকপ্রকাশ করে লেখেন, “ভাষা খুঁজে পাচ্ছি না, হৃদয়বিদারক।”

উৎসবের আয়োজক কর্নাটক ক্রিকেট সংস্থাও (কেএসসিএ) মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘোষণা করেছেন রাজ্যের তরফে আরও ১০ লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে। তবে প্রশ্ন উঠছে—এই আর্থিক ক্ষতিপূরণ কি ভুল পরিকল্পনার দায় এড়াতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.