রবিবার (২৫ আগস্ট) রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে পরাজয়ের পর, পাকিস্তানের সমগ্র দলকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিশেষ করে, দলের অধিনায়ক বাবর আজমকে নিয়ে চলছে প্রবল সমালোচনা। সিরিজের প্রথম টেস্টে বাবর আজম ০ এবং ২২ রানে আউট হওয়ার পর তার সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর মাত্র ১২২ রান করতে পেরেছেন ১০১.৬৬ স্ট্রাইক রেটে, যা তাকে আরো সমালোচনার মুখে ফেলেছে। গত ১৪ টেস্ট ইনিংসে তার কোনো অর্ধশতক নেই, যেখানে তিনি ২০.৬৪ গড়ে ২৮৯ রান করেছেন এবং সর্বোচ্চ স্কোর ৪১।
তবে, সাবেক পাকিস্তান অধিনায়ক ও পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বাবরের পাশে দাঁড়িয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেছেন, “পুরো জাতি মনে হচ্ছে বাবর আজমের ফর্ম ছাড়া আর কিছু নিয়ে ভাবছে না। একটি ম্যাচ হারলেই বাবরকে নিয়ে শিরোনাম হয়। তবে এই সামাজিক মাধ্যমের যুগে যে কেউ যে কাউকে সমালোচনা করতে পারে। এটা যতটা সম্ভব নিরুৎসাহিত করা উচিত।”
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তান ব্যাটিংয়ে ভালো অবস্থানে গেলেও দ্বিতীয় ইনিংসে ধসে পড়ে। ম্যাচে বাংলাদেশের বোলারদের দাপটে পাকিস্তান ১৪৬ রানে অলআউট হয়। ৩০ রানের লক্ষ্য তাড়া করে ১০ উইকেটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট আজ ৩০ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হওয়ার কথা রয়েছে। যদিও বৃষ্টির কারণে ম্যাচ দেরিতে শুরু হবে।







