আরজিকরে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর পেরিয়েছে ২৩ দিন। পথে নেমেছেন এবং নামছেন সাধারণ মানুষ। পথে নেমেছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাও। এবার বিচারের দাবিতে সোমবার ‘লালবাজার অভিযান’-এর ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। দুপুর ২টোয় কলেজ স্কোয়্যার থেকে মিছিল করে লালবাজারের উদ্দেশে রওনা দেন তাঁরা।
উল্লেখ্য, রাস্তার মাঝেই শান্তিপূর্ণ অবস্থানে বসেছেন চিকিৎসকদের একাংশ। কোনও সংঘাতে যেতে চান না আন্দোলনকারীরা। তাঁরা নিজেদের দাবিতে অনড় – পুলিশ কমিশনারের পদত্যাগ চাই। যতক্ষণ না পুলিশ তাঁদের দাবি মানছে, অবস্থান চালিয়ে যাবেন তাঁরা।
পাশাপাশি, বুধবার মানববন্ধনের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্ট। ঘরের আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। জুনিয়র চিকিৎসকরা আগামী বুধবার রাত ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলকে ঘরের আলো নিভিয়ে রাখার অনুরোধ করেছেন। উক্ত সময়ে মানববন্ধন করবেন তাঁরা।






