রাহুল দ্রাবিড় আবারও রাজস্থান রয়্যালসের (RR) সঙ্গে যুক্ত হতে চলেছেন, তবে এবার প্রধান কোচ হিসেবে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচ হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার পরেই তিনি রাজস্থানের দায়িত্ব গ্রহণ করবেন।
দ্রাবিড়ের সঙ্গে রয়্যালসের সম্পর্ক নতুন নয়। ২০১২ এবং ২০১৩ সালে তিনি দলের অধিনায়ক ছিলেন এবং ২০১৪ ও ২০১৫ সালে দলের মেন্টর এবং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। এরপর তিনি দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) সাথে যুক্ত হন এবং ২০১৯ সালে ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে যোগ দেন। ২০২১ সালে ভারতীয় দলের প্রধান কোচ নিযুক্ত হওয়ার পর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দলকে ১১ বছর পর একটি আইসিসি ট্রফি এনে দেন।
এবার তিনি রাজস্থানে ফিরছেন প্রধান কোচ হিসেবে। ইতিমধ্যেই মেগা নিলামের আগে খেলোয়াড়দের রিটেনশন নিয়ে প্রাথমিক আলোচনা করেছেন। দলের অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। যিনি দ্রাবিড়ের অধীনে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে উঠে এসেছিলেন।
সঙ্গে যোগ দিচ্ছেন ভারতের প্রাক্তন ব্যাটার বিক্রম রাঠোর। যিনি দ্রাবিড়ের সহযোগী কোচ হিসেবে কাজ করবেন। রাঠোর দ্রাবিড়ের সাথে এনসিএ এবং ভারতীয় দলের কোচিং স্টাফের অংশ ছিলেন।
এই পুনর্মিলন রাজস্থান রয়্যালসকে তাদের দ্বিতীয় আইপিএল শিরোপা জয়ের লক্ষ্যে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে।







