আয়ারল্যান্ডের শীর্ষ অলরাউন্ডার, ভারতীয় বংশোদ্ভূত সিমরনজিৎ সিংহ ওরফে সিমি সিংহ গুরুতর লিভার ফেলিওরের কারণে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন। পাঞ্জাবের মোহালিতে জন্ম নেওয়া সিমির লিভার প্রতিস্থাপনের অপেক্ষা চলছে, যা তার জীবন রক্ষার শেষ আশারূপে দেখা দিয়েছে।
সিমির শ্বশুর পারভিন্দর সিংহ জানিয়েছেন, প্রায় পাঁচ-ছয় মাস ধরে সিমির শরীরে একটি অজানা জ্বর দেখা যাচ্ছিল, যা পরীক্ষা সত্ত্বেও সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। এরপর সিমি চিকিৎসার জন্য ভারতে আসেন। প্রথমে চণ্ডীগড়ের পিজিআইতে তার চিকিৎসা শুরু হয়, যেখানে তাকে যক্ষ্মার ওষুধ দেওয়া হয়েছিল, কিন্তু পরে জানা যায়, তিনি যক্ষ্মায় আক্রান্ত নন। এর মধ্যেই তার জন্ডিসের মাত্রা বাড়তে থাকে। শেষ পর্যন্ত তার লিভার সম্পূর্ণরূপে বিকল হয়ে যায়।
বর্তমানে তার স্ত্রী অগমদীপ কউর, যিনি ডাবলিনে একজন কর্মরত পেশাদার, তার লিভারের একটি অংশ দান করতে রাজি হয়েছেন। চিকিৎসকরা আশাবাদী যে, লিভার প্রতিস্থাপন সফল হবে। সিমি নতুন জীবনের সূচনা করতে পারবেন।
৩৭ বছর বয়সী সিমি আয়ারল্যান্ডের হয়ে ৩৫টি ওয়ানডে এবং ৫৩টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।







