মুর্শিদাবাদের বহরমপুরে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের ঠিক আগেই উত্তেজনা ছড়াল শহরে। জানা গেছে, শহরের এক এলাকায় ছয় থেকে সাত রাউন্ড গুলি চালানো হয়। এরপর অপর পক্ষের দুজনকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন সক্রিয় তৃণমূল কর্মী মিঠু জৈন ও আরও একজন। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আক্রান্তদের পক্ষ থেকে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও, অভিযুক্ত দুষ্কৃতীরা তার আগেই এলাকা ছেড়ে পালায়। বর্তমানে পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এই ঘটনায় শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও জল্পনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরের আগে এই ধরনের হামলা প্রশাসনিক মহলেও উদ্বেগ বাড়িয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ওয়াকফ আইন নিয়ে উত্তপ্ত ছিল জেলার একাধিক এলাকা। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, এই হিংসার ঘটনার তদন্ত চলছে। আতঙ্কে গ্রাম ছেড়ে পালানো বহু বাসিন্দা ধীরে ধীরে বাড়ি ফিরছেন।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকেও কড়া নজর রাখা হচ্ছে পুরো ঘটনার উপর।







