পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর (West Bengal Assembly Election 2026) প্রথম দফার ভোটগ্রহণ শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাজ্যের সিইও মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal) জানান, ভোট প্রক্রিয়া মোটের উপর শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। প্রাথমিক হিসেব অনুযায়ী, সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে ভোটদানের হার ৯০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা কমিশনের।
সিইও জানান, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। বুথের ভেতরে শৃঙ্খলা বজায় ছিল বলেও দাবি করেন তিনি। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এসপিএনও আনন্দ কুমার।
কমিশনের তরফে স্পষ্ট করা হয়, বুথের ১০০ মিটার পরিধির মধ্যে কোনও বড় ধরনের অশান্তির ঘটনা ঘটেনি। সিইওর কথায়, “বুথের ভেতরে কোনও অশান্তি হয়নি। মোট কেন্দ্রীয় বাহিনীর ৯৫ শতাংশ বুথের ভেতরে মোতায়েন ছিল। বাকি ৫ শতাংশ বাইরে ডোমিনেশনের কাজে ছিল। এত বড় নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেই পারে, তবে রাজনৈতিক হিংসায় মৃত্যুর কোনও খবর আমাদের কাছে নেই।”
তবে ভোট চলাকালীন নওদা, দুবরাজপুর, কুমারগঞ্জ, সাঁইথিয়া এবং মুরারি-সহ কয়েকটি এলাকায় উত্তেজনার ঘটনা ঘটে। কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৪১ জনকে গ্রেফতার এবং ৫৭০ জনকে আটক করা হয়েছে।
কুমারগঞ্জে বিজেপি প্রার্থী আক্রান্ত হওয়ার ঘটনাকে “অবাঞ্ছিত” বলে উল্লেখ করেন সিইও। তিনি জানান, প্রার্থীদের পৃথকভাবে নিরাপত্তা দেওয়া সবসময় সম্ভব না হলেও আগামী ধাপে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।
ইভিএম বিভ্রাটের কিছু ঘটনা ঘটলেও কোথাও ভোটগ্রহণ বন্ধ হয়নি বলে দাবি করেছে কমিশন। পাশাপাশি ওয়েবকাস্টিং ব্যবস্থাকে “১০০ শতাংশ কার্যকর ও নির্ভরযোগ্য” বলে উল্লেখ করা হয়েছে। স্পর্শকাতর বুথগুলিতে প্রতি ১৫ মিনিট অন্তর নজরদারি চালানো হয়েছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এবারের উচ্চ ভোটদানের হারের পেছনে ভোটার তালিকা সংশোধন ও নাম বাদ যাওয়ার প্রক্রিয়া (SIR) কিছুটা ভূমিকা রাখতে পারে বলেও স্বীকার করেন সিইও। তাঁর মতে, তালিকা থেকে নাম বাদ পড়ায় শতাংশের হিসাবে ভোটদানের হার স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেয়েছে।
মধ্যাহ্নভোজে বুথ ছেড়ে ভোটকর্মীদের যাওয়ার অভিযোগ প্রসঙ্গে কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও রিটার্নিং অফিসারের কাছ থেকে রিপোর্ট আসেনি। রিপোর্ট এলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
সব মিলিয়ে প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় কমিশন সন্তোষ প্রকাশ করেছে। বাকি দফাগুলিতেও একই ধরনের নিরাপত্তা ও নজরদারি বজায় রাখা হবে বলে আশ্বাস দিয়েছেন সিইও। কলকাতার উচ্চ ভবনগুলিতেও বুথ স্থাপন করে ভোটদানে উৎসাহ দেখা যাবে বলে আশা কমিশনের।






