আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি সফলভাবে আয়োজনের জন্য প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স্টেডিয়াম সংস্কার থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কাজ চলছে জোর কদমে। এই প্রস্তুতি খতিয়ে দেখতে পাকিস্তানে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল। আগামী ১০ দিনের মধ্যেই তাঁদের পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে।
আইসিসির প্রতিনিধি দল প্রতিযোগিতার মূল বিষয়গুলি ছাড়াও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পিসিবির সঙ্গে আলোচনা করবেন। বিশেষ করে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিরাট কোহলি এবং রোহিত শর্মাদের পাকিস্তানে পাঠাবে কিনা, সেই বিষয়টি নিয়েও সংশয় রয়ে গিয়েছে। তবে পিসিবি কর্তারা প্রতিযোগিতা আয়োজন নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী।
পিসিবির এক কর্তার মতে, আইসিসির প্রতিনিধি দলের সফরের পর চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ও টিকিট বিক্রির বিষয়ে ঘোষণা করা হবে। তিনি আরও জানান, স্টেডিয়ামগুলির সংস্কারের কাজ পুরোদমে চলছে এবং বাকিটা আইসিসির সিদ্ধান্তের উপর নির্ভর করছে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভিও সম্প্রতি বলেছেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে এবং এই বিষয়ে আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বিসিসিআই সচিব জয় শাহ ডিসেম্বরে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নিতে চলেছেন, যা পিসিবিকে আশাবাদী করে তুলেছে। পিসিবি আশা করছে, জয় শাহ সব দেশের অংশগ্রহণ নিশ্চিত করতে নিরপেক্ষভাবে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।







